২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনতা মাহমুদুর রহমানকে মুক্ত করবে: জামায়াত

আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে তার মুক্তি দাবি করেছে জামায়াতে ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ঢাকা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2013, 06:41 PM

Updated : 23 Aug 2022, 10:32 AM

মাহমুদুরকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বৃহস্পতিবার এক সংবাদ বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, এই গ্রেপ্তার ‘অন্যায়’, জনতা তাকে মুক্ত করে আনবে।

“সরকার মাহমুদুরকে গ্রেপ্তার করে মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রকে পদদলিত করেছে; গণতান্ত্রিক, সাংবিধানিক ও মৌলিক অধিকার ক্ষুণ্ন করেছে।”

সরকারের বিরুদ্ধে চলমান ‘গণজাগরণে’ মাহমুদুর রহমান ‘আপসহীনভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন’ করেছেন বলে জামায়োতের বিবৃতিতে বলা হয়।

এদিকে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাহমুদুর রহমানের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম।

বিবৃতিতে বলা হয়, “শাহবাগীদের খুশি করার জন্যই সরকার তাকে গ্রেপ্তার করেছে। তার অপরাধ তিনি ইসলামের পক্ষে, দেশের স্বাধীনতার পক্ষে, জনগণের ইচ্ছা ও চেতনার পক্ষে কথা বলেন।”

মাহমুদুরকে ‘ইসলাম ও দেশপ্রেমিক জনতার মুখপাত্র’ আখ্যা দিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। তা না হলে কঠোর কর্মসূচি দেয়ার হুমকি দেন হেফাজত নেতারা।

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে তেজগাঁও থানার একটি মামলায় সকালে দৈনিক আমার দেশ কার্যালয় থেকে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।