২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো কঠোর হতে সরকারকে পরামর্শ আ. লীগের

রাজনৈতিক কর্মসূচি থেকে সহিংসতা আরো কঠোরভাবে দমনের পক্ষপাতি আওয়ামী লীগ এবং তা সরকারকেও জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2013, 06:09 PM

Updated : 25 Apr 2022, 06:35 PM

বৃহস্পতিবার ক্ষমতাসীন দলের সভাপতিমণ্ডলীর সভা থেকে এই আহ্বান জানানো হয়। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

গণভবনে ওই বৈঠকের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, “সরকার সরকারের কাজ করবে। দৃঢ়তার সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা করবে। যেখানে আইনের বিঘ্ন ঘটবে, সেখানে সরকার কঠোর পদক্ষেপ নেবে।

“আর যেন কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি না হয়, সেজন্য আরো কঠোর হস্তে দমন করতে সভাপতিমণ্ডলীর বৈঠক থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।”

পরবর্তী নির্বাচন নিয়ে চলমান সঙ্কটের অবসানে বিরোধী দলের সঙ্গে আলোচনার জন্য আওয়ামী লীগ প্রস্তুত বলে জানান দলের মুখপাত্র।

আশরাফ বলেন, আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু, বর্তমান রাজনৈতিক কারণে তা সম্ভব হয়নি।

“আমি তো রাজনীতিবিদ, আমি স্বৈরশাসক নই। আমি আলোচনায় বিশ্বাসী। সকল সমঝোতাই হয়েছে আলোচনার মাধ্যমে।”

“আশা করি, বিএনপির চৈতন্যের উদয় হবে,” বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

আলোচনায় বসতে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাকে জাতীয় পার্টির চেয়ারপারসন এইচ এম এরশাদের দেয়া চিঠি প্রসঙ্গে আশরাফ বলেন, “চিঠিটা এখনো আসেনি। আমাদের দেখারও সুযোগ হয়নি।”

হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির বিষয়ে তিনি বলেন, “যে কেউ প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাতেই পারেন, প্রধানমন্ত্রী বিবেচনাও করতে পারেন।”

রাষ্ট্রপতি নির্বাচন

বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে বলে আশরাফ জানান।

“গ্রহণযোগ্য হয়, এমন ব্যক্তিদের নাম প্রস্তাব করার জন্য সভাপতিমণ্ডলীর বৈঠক থেকে আহ্বান জানানো হয়েছে।”

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে আগামী ২৯ এপ্রিল।

স্পিকার আবদুল হামিদ বর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। তিনি পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বলে জল্পনা রয়েছে।

বুধবার তার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের দেখা করার ওই জল্পনা জোরালো করে। 

এই বিষয়ে আশরাফ বলেন, “প্রধানমন্ত্রী অস্থায়ী রাষ্ট্রপতির বাসায় গিয়েছিলেন সৌজন্য সাক্ষাতের জন্য। সেখানে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। সেটা ছিল পারিবারিক সৌজন্য সাক্ষাৎ।”

“আর আমাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেকেছিলেন। উনি বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে চান এবং ১৭ এপ্রিল মুজিবনগর যেতে চান। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আমার সঙ্গে কোনো আলোচনা হয়নি,” বলেন আশরাফ।

হেফাজতে ইসলাম প্রসঙ্গ

নারীদের প্রতি আক্রমণ এবং নারী ও ধর্মকে প্রতিপক্ষ করার ঘটনায় সভাপতিমণ্ডলীর সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানান আশরাফ।

হেফাজতের সমাবেশে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন এবং সাদেক হোসেন খোকার একাত্মতা জানানোর বিষয়টি তুলে ধরে আশরাফ বলেন, “উনারা দুজন নারী নেতৃত্ব নিষিদ্ধ করার দাবিতে একাত্মতা ঘোষণা করে খালেদা জিয়ার সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে যোগ দিলেন!

“তারা দুজন মুক্তিযোদ্ধা, গিয়ে বসলেন মাওলানা সাহেবদের পায়ের কাছে। আর, মাওলানা সাহেবরা সিংহাসনে বসা। একাত্মতা ঘোষণা করতে গেছেন, পায়ের নিচে বসবেন কেন?”

“বিএনপি নিজেদের নীতির সঙ্গে আপস করে যে কোনো উপায়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়। আপনারা কী চান পরিষ্কার করুন।”

ফটিকছড়িতে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে হামলায় তিনজন নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আশরাফ বলেন, মসজিদের মাইক ব্যবহার করার ক্ষেত্রে সর্তক হতে হবে।