পরিস্থিতি নিয়ে নেতাদের সঙ্গে পরামর্শ খালেদার
শীর্ষস্থানীয় অধিকাংশ নেতাকে আটকের পর সার্বিক পরিস্থিতি নিয়ে দলের নীতি-নির্ধারকদের সঙ্গে আলোচনা করেছেন খালেদা জিয়া।
নেতাদের কারাবন্দি করার প্রতিবাদে দুদিনের হরতাল শেষে বুধবার রাতে এই বৈঠকে বসেন বিএনপি চেয়ারপারসন।
প্রায় দুই ঘণ্টার এই বৈঠকের পর কোনো সিদ্ধান্ত সাংবাদিকদের জানানো হয়নি।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্থায়ী কমিটির সদস্য খোন্দকার মোশাররফ হোসেন শুধু বলেন, “বৈঠক মুলতবি করা হয়েছে। এখন গণমাধ্যমে জানানোর মতো কোনো তথ্য নেই।”
বৈঠকে অংশ নেয়া এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পহেলা বৈশাখের আগে কোনো কর্মসূচি থাকছে না। ১৮ দলের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঠিক করার বিষয়ে আলোচনা হয়েছে।”
দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এই বৈঠকে ফোরামের ১৯ সদস্যের মধ্যে নয়জনই ছিলেন না। বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন সহসভাপতি সাদেক হোসেন খোকা।
স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন কাদের চৌধুরী ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাবন্দি।
অসুস্থতার জন্য তরিকুল ইসলাম ও এম শামসুল ইসলাম বৈঠকে থাকতে পারেননি বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
চিকিৎসার জন্য সম্প্রতি সিঙ্গাপুরে যাওয়ায় বৈঠকে ছিলেন না নজরুল ইসলাম খান।
দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে বিদেশে রয়েছেন।
বৈঠকে স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ছিলেন আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, সারোয়ারি রহমান, রফিকুল ইসলাম মিয়া ও আবদুল মঈন খান।
তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত বিএনপির শীর্ষনেতাদের আটক করার পর তাদের মুক্তির দাবিটিই সামনে এনেছে।
বিএনপির সাতজন যুগ্মসহাসচিবের পাঁচজনই বর্তমানে কারাবন্দি। কারাগারে রয়েছেন আরো বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা।
ফখরুলসহ আট নেতা গত সোমবার অন্য মামলায় আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়।
সেদিন ফখরুলের সঙ্গে কারাগারে যান মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, যুগ্মমহাসচিব বরকত উল্লাহ বুলু, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
এর পরদিন গ্রেপ্তার করা হয় যুগ্মমহাসচিব সালাহউদ্দিন আহমেদকে।
নেতাদের অনুপস্থিতিতে হরতালের সময় নয়া পল্টনে বিএনপি কার্যালয় খাঁ খাঁ করতে দেখা যায়।
কর্মসূচি ও দলের বক্তব্য দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু সাংবাদিকদের সামনে আসছেন। তার সঙ্গে জ্যেষ্ঠ কোনো নেতাকে দেখা যায়নি।
মঙ্গলবার হরতালের সময় শামসুজ্জামান দুদুকেও আটকের চেষ্টা চালিয়েছিল পুলিশ।
