২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অস্ত্র হাতে সন্ত্রাসী বাহিনী নামিয়েছে সরকার’

বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিরোধী দল দমনে সরকার রাজনীতিতে অস্ত্রবাজির ধারা শুরু করেছে। এতে পরিস্থিতি বিভীষিকাময় হয়ে উঠছে।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 01:25 PM

Updated : 23 Aug 2022, 10:32 AM

মঙ্গলবার চট্টগ্রামের নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন নগর বিএনপির সভাপতি।

এইচএসসি পরীক্ষা ও তিন পার্বত্য জেলা বৃহস্পতিবার চট্টগ্রামে বিএনপির ডাকা হরতালের আওতামুক্ত থাকবে বলে জানান তিনি।

বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান ও যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে।

সাবেক মন্ত্রী আমীর খসরু বলেন, চট্টগ্রামে যুবলীগ ও ছাত্রলীগের ‘সন্ত্রাসীরা’ প্রকাশ্যে পুলিশের সহায়তায় আগ্নেয়াস্ত্র নিয়ে আবির্ভূত হয়েছে।

“অনেক আগে আমরা এসব দেখতাম। সম্প্রতি আবারো অস্ত্রবাজির ধারা শুরু হয়েছে। ইদানিং দেখা যাচ্ছে, আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী মাঠে নেমেছে অস্ত্র নিয়ে।”

বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর হামলা হলেও বিএনপি চট্টগ্রামে নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে, বলেন তিনি।

বিরোধী দলের ওপর হামলার সময় পুলিশ ‘নিরব দর্শকের’ ভূমিকা পালন করেছে বলেও অভিযোগ করেন আমীর খসরু।

এই পরিস্থিতিতে চট্টগ্রামবাসী নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে তিনি বলেন, “আমরা যারা মাঠে রাজনীতি করি তারা আরো বেশি নিরাপত্তাহীন।”

আগামী ৭২ ঘণ্টার মধ্যে ‘অস্ত্রধারীদের’ গ্রেপ্তারের দাবি জানিয়ে বিএনপি নেতা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “নইলে আমরা চট্টগ্রামের মানুষকে সাথে নিয়ে নাগরিক প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হব।”

আগামী দিনে চট্টগ্রামের রাজনীতিতে বিপর্যয় দেখতে পাচ্ছেন বলেও নিজের শঙ্কার কথা জানান আমীর খসরু।

‘সাংবাদিকতার আবরণে দলবাজি করবেন না’

সাংবাদিকরা দায়িত্ব পালন করতে গিয়ে বিরোধীদলীয় কর্মীদের হামলার শিকার হওয়ার বিষয়টি আমীর খসরুর দৃষ্টিতে আনা হলে তিনি বলেন, “আমি সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।”

তবে সাংবাদিকতার পেশাগত কিছু নিয়মনীতির কথা স্মরণ করিয়ে তিনি একইসঙ্গে বলেন, “ইদানিং অল্প কিছু সংখ্যক সাংবাদিক তা না মেনে সাংবাদিকতার আবরণে দলবাজি করছেন।

“সাংবাদিকতা করবেন, আবার দলবাজি করবেন, তা দেশের মানুষ মেনে নেবে না।”

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় সহ শ্রম বিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দিন, নগর সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সহ-সভাপতি আবু সুফিয়ান, শামসুল আলম, অ্যাডভোকেট আবদুস সাত্তার প্রমুখ।