২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সমাবেশ স্থগিত

আগামী ১০ এপ্রিলের ঢাকার সমাবেশ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2013, 05:34 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে  নেয়া এই সিদ্ধান্ত ১৮ দলীয় জোট নেতাদের জানানো হয়েছে।

কর্মসূচি স্থগিতের বিষয়ে বিএনপি নেতারা সাংবাদিকদের কিছু বলেননি।

দলের সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈঠকের সিদ্ধান্ত রোববার গণমাধ্যমকে জানানো হবে।

তবে খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে অংশ নেয়া ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী ও লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ১০ এপ্রিলের জনসভা হবে না বলে তাদের বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

গত ৩০ মার্চ ১৮ দলীয় জোটের বৈঠকে ১০ এপ্রিল নয়া পল্টনে সমাবেশের সিদ্ধান্ত হয়। এতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বক্তব্য দেয়ার কথা।

এর মধ্যে হেফাজতে ইসলামী ৮ এপ্রিল সোমবার সারাদেশে হরতাল ডেকেছে, যাদের আন্দোলনে বিএনপিরও সমর্থনও রয়েছে।

পরদিন ৯ এপ্রিল সারাদেশে ছাত্র ধর্মঘট ডেকেছে শাহবাগের গণজাগরণ মঞ্চ।

হেফাজতে ইসলামের লংমার্চ ও সমাবেশ এবং এর পাল্টায় হরতাল ও অবরোধের মধ্যে শনিবার রাতে দলীয় ও জোট নেতাদের বৈঠকে ডাকেন বিএনপি চেয়ারপারসন।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাত সাড়ে ৯টায় প্রথমে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়। এরপর ১০টায় ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন খালেদা জিয়া।

দুটি বৈঠকে হেফাজতে ইসলামের লংমার্চ ও শাপলা চত্বরে সমাবেশসহ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে বৈঠকে অংশ নেয়া নেতারা জানিয়েছেন।

তবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকটি মুলতবি করা হয়েছে।  রোববার তা আবার হবে।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পর্যায়ের নেতাদের বিচারিক আদালতে আত্মসমপর্ণের দিন ধার্য রয়েছে।

“এক্ষেত্রে জামিন না পেলে স্থায়ী কমিটি আবার বৈঠক করে নতুন কর্মসূচি ঘোষণা করবে এবং হরতালের মতো কর্মসূচিও আসতে পারে।”

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ছিল আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, এম কে আনোয়ার, আ স ম হান্নান, সারোয়ারি রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৮ দলীয় জোটের বৈঠকে ছিলেন এলডিপির সভাপতি অলি আহমদ, জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য আবদুল হালিম, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, সহসভাপতি আবদুর রকীব, খেলাফত মজলিশের সহসভাপতি মজিবুর রহমান পেস্কারী, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এনপিপির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এনডিপির সভাপতি খন্দকার গোলাম মূর্তজা, ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি, ইসলামিক পার্টির চেয়ারম্যান আবদুল মবিন, পিপলস লীগের সভাপতি গরীবে নেওয়াজ, মুসলিম লীগের নির্বাহী সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খান, ন্যাপ ভাসানীর সভাপতি শেখ আনোয়ারুল হক।

এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতিমন্ডলীর সদস্য খন্দকার সিরাজুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি মহিউদ্দিন বাবলু, জমিয়তে উলামা ইসলামের মহাসচিব মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, ডেমোক্রেটিক লীগের যুগ্ম সম্পাদক খোকন চন্দ্র দাস ছিলেন।