২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে সমর্থন বামদের

হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিরোধ এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে হরতালে সমর্থন দিয়েছে বামপন্থী দলগুলো, যার মধ্যে মহাজোট শরিক জাসদ ও ওয়ার্কার্স পার্টিও রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 10:52 AM

Updated : 25 Apr 2022, 06:33 PM

বুধবার রাতে সেক্টর কমান্ডারস ফোরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ঘাতক দালাল নির্মূল কমিটিসহ ২৫টি সামাজিক সাংস্কৃতিক সংগঠন শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টার ওই হরতাল ডাকে।

জাসদ, ওয়ার্কার্স পার্টি, সিপিবি, বাসদসহ বামপন্থী দলগুলো বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এই হরতালে সমর্থনের কথা জানায়।

সিপিবি ও বাসদের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ৫ এপ্রিল বিকেল ৬টা থেকে ৬ এপ্রিল বিকেল ৬টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টা হরতালের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।

শাহবাগের গণজাগরণ মঞ্চের ব্লগারদের ‘নাস্তিক’ আখ্যায়িত করে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবিতে লংমার্চ করে আগামী ৬ এপ্রিল রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম।

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এবং বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান আজ এক বিবৃতির মাধ্যমে সিপিবি ও বাসদের এই সিদ্ধান্তের কথা জানান।

পাশাপাশি জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার লক্ষ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ ও যুদ্ধপরাধীদের বিচার ত্বরান্বিত করে রায় কার্যকর করার দাবিতে জনগণকে আন্দোলন তীব্রতর করার আহ্বান জানান তারা।

বিবৃতিতে তারা বলেন, ‘আপোষ নয়-সংগ্রামের পথে’এবং ‘বিভেদ নয়-ঐক্যের পথেই’ স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক কালো শক্তিকে পরাভূত করাসহ গণদাবি প্রতিষ্ঠা সম্ভব।

সরকার ও শাসকদলকে আপসের পিচ্ছিল পথ থেকে সরে আসার আহ্বান জানিয়ে সিপিবি ও বাসদ বলছে, জামায়াত-শিবির ও সাম্প্রদায়িকতার সঙ্গে সমঝোতা করে চলার চেষ্টা করা হবে দেশের জন্য আত্মঘাতী এবং মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করা।

বিবৃতিতে ৫ ও ৬ এপ্রিলের ২৪ ঘণ্টার হরতাল কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

এর আগে সকালে ২৫টি সংগঠনের এই হরতালে সমর্থন দেয় ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টিসহ দেশের ১০টি বামপন্থী রাজনৈতিক দল।

এসব দলের মধ্যে রয়েছে, গণআজাদী লীগ, মজদুর পার্টি, গণঐক্য, জনসংহতি সমিতি, ন্যাপ (মোজাফফর), কমিউনিস্ট কেন্দ্র, সাম্যবাদী দল ও বাসদ (বিএসডি)।

এদিকে জাতীয় সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে  হরতালে সমর্থন জানিয়ে সংগঠনের পুনর্গঠিত সব আঞ্চলিক ইউনিটকে ঘোষিত কর্মসূচিতে মাঠে থাকার করার আহ্বান জানানো হয়।

হরতালে সমর্থন জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে জয়বাংলা পার্টিও।

পুরনো খবর:

শুক্রবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টার হরতাল