পাকিস্তানিদের নির্দেশে মাঠে খালেদা: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বলেছেন, পাকিস্তানিদের নির্দেশ পালনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের রক্ষায় মাঠে নেমেছেন।
সম্প্রতি থালেদা জিয়া জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের নেতাদের সঙ্গে গোপন বৈঠক করেছেন দাবি করে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হানিফ বলেন, Òদলটি (বিএনপি) কোনোভাবেই যুদ্ধাপরাধীদের সঙ্গে সখ্যতা ছাড়তে পারছে না।”
খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের রক্ষা করবেন বলে পাকিস্তানিদের কথা দিয়েছেন বলে অভিযোগ করেন হানিফ।
তিনি বলেন, “বেগম খালেদা জিয়া পাকিস্তানিদের নির্দেশ পালনে যুদ্ধাপরাধীদের রক্ষায় মাঠে নেমেছেন। তাদের কথা দিয়েছেন- তিনি যুদ্ধাপরাধীদের রক্ষা করবেন। কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যখন দেশের তরুণ প্রজন্ম জেগে উঠেছে তখন তারা ভয় পেয়ে ষড়যন্ত্র শুরু করেছে।’
শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা প্লাজায় শনিবার দুপুরে ‘বৃত্তান্ত-৭১’ আয়োজিত পুরষ্কার বিতরণী ও প্রকাশানা উৎসবে মাহাবুব-উল-আলম হানিফ এসব কথা বলেন।
বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতেই সেনাবাহিনী নিয়ে খালেদা জিয়া বক্তব্য দিয়েছেন মন্তব্য করে হানিফ বলেন, বিরোধীদলীয় নেতা সেনাবাহিনীকে উস্কে দিতে চান । বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র বানাতে নানামুখী ষড়যন্ত্রের অংশ হিসাবে তিনি এ ধরনের বক্তব্য দিচ্ছেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্দেশ্যে চিঠি লিখেছে তাদের ধন্যবাদ জানান।
হাজারো ছাত্র-ছাত্রীর চিঠি নিয়ে চিঠি উৎসব শীর্ষক এ বিশেষ কার্যক্রমে সারা দেশের শিশু-কিশোর ও তরুণরা তিনটি বিভাগে অংশগ্রহণ করে। ক বিভাগে ৮ম থেকে ১০ম শ্রেণি, খ বিভাগে উচ্চ মাধ্যমিক ও সমমান, গ বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
চিঠিগুলোর মধ্যে বাছাই করা ৭১টি চিঠি নিয়ে ‘প্রতি, জাতির জনক’ শিরোনামে একটি বই বের করা হয়েছে। এই ৭১ জন চিঠি লেখককে অনুষ্ঠানে ক্রেস্ট ও বই দেয়া হয়।
বৃত্তান্ত-৭১ এর নির্বাহী পরিচালক মুহাম্মাদ তানভীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, সাংসদ ওয়ারেসাত হোসেন বেলাল, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী প্রমুখ বক্তব্য দেন।
