২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষড়যন্ত্রকারীদের সঙ্গে সংলাপ নয়: হানিফ

রাজনৈতিক সঙ্কট অবসানে সংলাপের পক্ষপাতি হলেও ‘ষড়যন্ত্রকারীদের’ সঙ্গে কোনো ধরনের আলোচনা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 01:34 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেইটে হরতালবিরোধী সমাবেশে বিরোধী দলকে উদ্দেশ্য করে একথা বলেন তিনি।

হানিফ বলেন, “সংলাপে বসতে হলে আগে ষড়যন্ত্র ও সহিংসতা বাদ দিয়ে সংসদে আসতে হবে। সেখানে আগামী নির্বাচনসহ যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হতে পারে।”

“খালেদা জিয়া বলেছেন, এ সরকারের সঙ্গে কোনো সংলাপ নয়। সরকারের পতন ঘটাতে নেতা-কর্মীদের সর্বাত্মক আন্দোলন প্রস্তুতি নিতে বলেছেন। এরপর তাদের সঙ্গে সংলাপ করা যায় না,” বলেন আওয়ামী লীগ নেতা।

বিরোধী দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আমরা প্রহসনের সংলাপ করতে চাই না। আওয়ামী লীগ আলোচনায় বিশ্বাসী। আপনারা ষড়যন্ত্রের পথ ছেড়ে আলোচনার পথে আসুন। আগামী নির্বাচন নিয়ে বিরোধী দলের কোনো সুনির্দিষ্ট প্রস্তাব থাকলে তা নিয়ে সংসদে আসুন।"

দুই নেত্রীর সংলাপ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, দুই নেত্রীর সংলাপের বিষয়ে আদালতের দেয়া রুলের বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। সেটা দুই নেত্রীর বিষয়।

হানিফ বলেন, “সরকার উৎখাত করতে খালেদা জিয়া অনেক ষড়যন্ত্র করেছেন। সেনাবাহিনীকে উস্কে দিয়ে এখন আবার কী ষড়যন্ত্র করছেন জনগণ তা জানতে চায়।”

জনসমর্থন নিয়ে ক্ষমতায় যাওয়ার ‘সুযোগ নেই’ বুঝতে পেরেই খালেদা জিয়া বিকল্প পথ ‘খুঁজছেন’ বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি নেতৃত্বাধীন হরতালের মধ্যে যুবলীগের উদ্যোগে ফার্মগেইটে এই সমাবেশ হয়।

এতে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সভাপতি মাঈনুল হোসেন খান নিখিলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, মহানগর দক্ষিণের সভাপতি ইসমাঈল চৌধুরী সম্রাট, উত্তরের সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন ও দক্ষিণের সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম আরিফ।