কামারুজ্জামানের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন শুরু
যুদ্ধাপরাধের দায়ে কারাগারে আটক জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তি উপস্থাপন শুরু হয়েছে।
রোববার আন্তর্জাতিক অপরাধ টাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের টাইব্যুনালে যুক্তি উপস্থাপন করে প্রসিকিউশন।
সকাল সাড়ে ১১টার দিকে প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু সূচনা বক্তব্য উপস্থাপন করেন।
এর আগে সকালে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে কামারুজ্জামানের পক্ষে পঞ্চম ও সর্বশেষ সাফাই সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষ হয়।
এর আগে কামারুজ্জামানের পক্ষে মো. আরশেদ আলী, আশকর আলী, তার বড় ছেলে হাসান ইকবাল ও বড় ভাই কফিল উদ্দিনের সাফাই সাক্ষ্য ও জেরা শেষ হয়।
এ মামলায় গত বছরের ১৫ জুলাই সাক্ষ্যগ্রহণ শুরুর পর থেকে তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক খানসহ এপর্যন্ত ১৮ জন সাক্ষী প্রসিকিউশনের পক্ষে সাক্ষ্য দিয়েছেন।
গত বছরের ৪ জুন কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সুনির্দিষ্ট সাতটি ঘটনায় অভিযোগ গঠন করা হয়। ৩১ জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
২০১০ সালের ২৯ জুলাই এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে ২ আগস্ট তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
