রেলের নাশকতা রুখতে সোচ্চার হওয়ার আহ্বান
দেশজুড়ে রেলপথে জামায়াত-শিবিরের নাশকতা রুখতে সবাইকে সোচ্চার হবার আহবান জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
শনিবার দুপুরে সিলেট রেলওয়ে স্টেশনে এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশের দুই হাজার ৮৩৫ কিলোমিটার রেলপথের নিরাপাত্তা রেলের নিজস্ব নিরাপত্তা বাহনী দিয়ে সম্ভব নয়। তাই যেখানে নৈরাজ্য সেখানেই জনগণকে প্রতিহত করতে হবে।
রেলওয়ের নানা সমস্যার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আগামী ছয় মাসে রেলের চেহারা পাল্টে যাবে। রেলওয়ের উন্নয়নে গৃহীত ৩৮টি প্রকল্প বাস্তবায়ন হলে এর সুফল পাবে যাত্রীরা।
তিনি জানান, আগামী জুন মাসের মধ্যে দেশের রেলবহরে যোগ হচ্ছে ২০ জোড়া কমিউটার ট্রেন। ইতোমধ্যে দুই সেট কমিউটার ট্রেন চীন থেকে আমাদানি করা হয়েছে।
আগামী ১৭ এপ্রিল ঢাকা-নারায়নগঞ্জ রুটে কমিউটার ট্রেন চালু হবে। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন বলে তিনি জানান।
নিরাপদ পানির প্লান্টের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, রেলওয়ের মহাপরিচালক (ডিজি) আবু তাহের, বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবির চিফ ফাইনান্সিয়াল অফিসার মাহতাব উদ্দিন আহমদ, ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন বাবর, ওয়াটার এইড বাংলাদেশের ডিরেক্টও রেসমা খান জাহান প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, রবির স্থাপিত এ পানির প্লান্ট থেকে ঘন্টায় পাঁচ হাজার লিটার সুপেয় পানি যোগান পাওয়া যাবে। এতে দিনে পাঁচ হাজার যাত্রী পিপাসা নিবারণ করতে পারবেন।
