দক্ষিণ চট্টগ্রাম অচল করে দেয়ার হুমকি অলির
সরকারের কথিত দমন-পীড়ন বন্ধ না হলে লাগাতার অবরোধ কর্মসূচি দিয়ে দক্ষিণ চট্টগ্রাম অচল করে দেয়ার হুমকি দিয়েছেন এলডিপি সভাপতি অলি আহমেদ।
সরকারের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যে হত্যাযজ্ঞ চালাচ্ছেন তার বিচার আগামীতে করা হবে।”
শুক্রবার সকালে চকবাজারের একটি রেস্টুরেন্টে ১৮ দলীয় জোট, চট্টগ্রাম দক্ষিণ জেলা আয়োজিত সংবাদ সম্মেলনে অলি এসব কথা বলেন।
সাতকানিয়া থেকে নির্বাচিত জামায়াতে ইসলামীর সাংসদ আ ন ম শমাসুল ইসলামের পাশে বসে মুক্তিযোদ্ধা অলি হুঁশিয়ার করে দিয়ে বলেন, একাত্তরে চট্টগ্রামে জিয়াউর রহমানের নেতৃত্বে যেভাবে লড়াই শুরু হয়েছিল, তেমনি চট্টগ্রাম থেকেও সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন শুরু হবে।
বিরোধী দলের সঙ্গে সরকারি দলের সংলাপ বিষয়ে এক প্রশ্নের জবাবে এলডিপি সভাপতি বলেন, এ সরকার ‘মিথ্যাবাদী’ সরকার। আনুষ্ঠানিকভাবে চিঠি দিলে ভেবে দেখা যাবে।
“আমাদের নেতাকর্মীদের ডান্ডাবেড়ি পড়িয়ে রেখে আওয়ামী লীগের সাথে আলোচনা হতে পারে না। পরিস্থিতি সৃষ্টির পর আলোচনার বিষয়টি ভেবে দেখা হবে।”
দক্ষিণ চট্টগ্রামের কয়েকটি উপজেলায় ‘নির্বিচারে নির্যাতন ও গণগ্রেপ্তার’ বন্ধের দাবিতে ১৮ দলীয় জোট এ সংবাদ সম্মেলন ডাকে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা জামায়াতের আমীর জাফর সাদেক, বিএনপি নেতা এনামুল হক, এলডিপি নেতা কফিল উদ্দিন প্রমুখ।
