খালেদা বগুড়া যাচ্ছেন শনিবার
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বগুড়া যাচ্ছেন শনিবার বিকালে।
শনিবার বিকাল চারটায় ঢাকা থেকে রওনা হয়ে রাতে বগুড়া সার্কিট হাউজে থাকবেন বিরোধী দলীয় নেতা। পরদিন রোববার সকাল থেকে তার কর্মসূচি শুরু হবে।
কর্মসূচির মধ্যে রয়েছে, রোববার সকালে বগুড়া থেকে জয়পুরহাটে যাওয়ার পথে মাটিঢালী বিমান মোড় ও শিবগঞ্জে পুলিশের গুলিতে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও একটি পথসভায় ভাষণ দেবেন খালেদা জিয়া। এরপর জয়পুর হাটের পাঁচবিবির শালাইকো উচ্চ বিদ্যালয় মাঠে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে একটি শোকসভায় যোগ দেবেন তিনি।
জয়পুর হাট থেকে বগুড়া ফেরার পথে গাবতলীর রামেশ্বরপুর ও সোনারায় ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন ও নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ, একটি শোকসভায় যোগদান এবং বিকালে শাহজাহানপুরের আড়িয়াবাজার মাঠে জনসভায় ভাষণ দেবেন বিএনপি চেয়ারপারসন।
শাহজাহানপুরে জনসভা শেষ করে রাতেই ঢাকা ফিরবেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বগুড়া প্রতিনিধি জানান, রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে বিরোধী দলীয় নেতা তার বগুড়া সফর একদিন পিছিয়েছেন।
