নেতাকর্মীদের মুক্তির দাবিতে চট্টগ্রামে ১৮ দলের বিক্ষোভ
দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার বিকালে নূর আহম্মদ সড়কের বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়।
মিছিলটি নগরীর এনায়েতবাজার-বাটালী রোড হয়ে বিআরটিসি মোড়ে এসে থামে। এতে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে ১৮ দলের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে বিএনপি কার্যালয় নাসিমন ভবন চত্বরে দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে সোম ও মঙ্গলবারের হরতালের সমর্থনে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়।
সমাবেশে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “সরকারের অবস্থা নড়বড়ে হয়ে গেছে, মনোবল দুর্বল হয়ে তাদেও ভেতরে কম্পন ধরেছে। এঅবস্থায় ১৮ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে সুযোগ কাজে লাগিয়ে সরকারকে বিদায় জানাতে হবে।”
তিনি বলেন, “সরকারকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের মানুষ। আমাদের শপথ নিতে হবে যে, এ সরকারকে আমরা বিদায় জানাব।”
নগর বিএনপির সহ-সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে সামাবেশ আরো আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর মহানগর আমির আ ন ম শামসুল ইসলাম সরকার।
উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান শামীম ও স্থানীয় নেতা এসএম ফজলুল হক।
