২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বক্তব্যের নিন্দায় সাবেক ছাত্রনেতারা

শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীদের ‘নাস্তিক’ আখ্যা দেয়াসহ আন্দোলন সম্পর্কে খালেদা জিয়ার বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাবেক ছাত্রনেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2013, 02:40 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

৮০’র দশক এবং পরবর্তীকালে গণতান্ত্রিক আন্দোলনের ছাত্রনেতাদের পক্ষ থেকে পৃথক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক মুশতাক হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, গতকাল একটি অনুষ্ঠানে বিরোধী দলীয় নেত্রী গণজাগরণ মঞ্চ ও এর সংগঠকদেরকে মুক্তিযুদ্ধবিরোধী সাম্প্রদায়িক অপশক্তির সুরে চিত্রিত করেছেন।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া শুক্রবার মুন্সীগঞ্জে এক সমাবেশে শাহবাগ আন্দোলন নিরপেক্ষ নয় দাবি করে বলেন, “এখানে আওয়ামী লীগ ও নাস্তিক ছেলে-পেলে আছে। তারা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কোনো ধর্মে বিশ্বাস করে না। এই নষ্ট ও নাস্তিক তরুণদের নিয়ে সরকার নিজের ব্যর্থতা ঢাকতে নানা অপকর্ম করছে।”

Image
Demonstrators of Ganajagaran Mancha hold a rally at Uttara in Dhaka on Sunday to press for their demand for death to all convicted war criminals and a ban on Jamaat-e-Islami

Demonstrators of Ganajagaran Mancha hold a rally at Uttara in Dhaka on Sunday to press for their demand for death to all convicted war criminals and a ban on Jamaat-e-Islami

তার এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সাবেক ছাত্র নেতারা বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকে আত্মস্বীকৃত স্বাধীনতাবিরোধীদের ভাষায় ধর্মীয় বিশ্লেষণমূলক শব্দের অগণতান্ত্রিক ও অপপ্রয়োগ একেবারেই অনাকাঙ্খিত ও তার রাজনৈতিক মর্যাদার সঙ্গে বেমানান।

বিএনপি নেতারা গণজাগরণের শুরুতে সমর্থনসূচক ও ইতিবাচক প্রতিক্রিয়া জানালেও এখন একেবারেই বিপরীত মেরুতে অবস্থান নিয়েছেন উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, কোনো ধরনের অপপ্রচার গণজাগরণ মঞ্চের আন্দোলনে অংশগ্রহণ থেকে সাবেক নেতাদের বিরত রাখতে পারবে না।

পাশাপাশি বিরোধী দলীয় নেতাকে তার বক্তব্য প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন তারা।

বিবৃতি দাতারা হলেন, আনোয়ারুল হক, সাইফুল হক, মিজানুর রহমান মানু, আসাদুল্লাহ তারেক, রাগীব আহসান মুন্না, রুহিন হোসেন প্রিন্স, বজলুর রশীদ ফিরোজ, মোশরেফা মিশু, শহীদুল ইসলাম, বেলাল চৌধুরী, শফী আহমেদ, আমিরুল হক আমিন, আবুল হোসেন, আবদুস সাত্তার খান, সুজাউদ্দিন জাফর, আশরাফুল হক মুকুল, ফিরোজ কবির, রাজেকুজ্জামান রতন, আসলাম খান, হাসান হাফিজুর রহমান সোহেল, আহাদ মিনার, সাইদুর রহিম বিটুল, হাসান তারিক চৌধুরী, জায়েদ ইকবাল খান, শরীফুজ্জামান শরীফ।

এদিকে অপর এক বিবৃতিতে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চকে ‘মঞ্চ-ফঞ্চ’ ও তরুণ প্রজন্মকে ‘নাস্তিক’ আখ্যা দিয়ে বিরোধী দলীয় নেতার বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান ৯০’র দশক ও এর পরবর্তী সময়ের ছাত্রনেতারা।

এতে বলা হয়, একজন মুক্তিযোদ্ধার স্ত্রী হয়েও ক্ষমতার লোভে দেশের পাঁচ কোটি তরুণকে তিনি নাস্তিক বলেছেন। এ ধৃষ্টতা জনগণ কখনো মেনে নেবে না। জামায়াতের আমিরের মতো বিরোধী দলের নেতার মুখ থেকে যে বক্তব্য বের হচ্ছে তা অত্যন্ত দুঃখজনক।

একাত্তরের চেতনার প্রতি সম্মান প্রদর্শন করে এবং তরুণ সমাজের আন্দোলনকে সমর্থন জানিয়ে এ বক্তব্য প্রত্যাহারের জন্য বিরোধী দলের নেতার প্রতি আহ্বান জানান তারা।

বিবৃতি দাতারা হলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার ও মাহমুদুর হাসান রিপন, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু এমপি ও মাহফুজুর হায়দার চৌধুরী রোটন, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি রফিকুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন নাহিদ, বিপ্লব কুমার রায়, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লুনা নুর, বাকী বিল্লাহ, সামসুল আলম সজ্জন, খান আসাদুজ্জামান মাসুম, মানবেন্দ্র দেব, জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল কবির স্বপন ও সাধারণ সম্পাদক আলী হাসান তরুণ, সমাজবাদী ছাত্রজোটের সাবেক সভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক মাসুম উদ্দিন, বাংলাদেশ ছাত্র কেন্দ্রের সাবেক সভাপতি মহিন উদ্দিন চৌধুরী লিটন ও সাধারণ সম্পাদক কামরুল হাসান প্লাবন, জাতীয় ছাত্র ঐক্যের সাবেক সভাপতি জুয়েল আহমেদ খান, ছাত্র সমিতির সাবেক সভাপতি  মোস্তাক আহমেদ ও ছাত্র আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক শুভাসিশ সমাদ্দার শুভ।