খালেদার দেখা চান ব্যবসায়ীরা
চলমান রাজনৈতিক পরিস্থিতিতে হরতাল ও সংঘাত নিয়ে উৎকণ্ঠিত ব্যবসায়ী নেতারা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চেয়েছেন।
বৈঠকের জন্য সময় চেয়ে ইতোমধ্যে বিএনপি চেয়ারপারসনকে চিঠি দেয়া হয়েছে বলে এফবিসিসিআইয়ের মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদ জানিয়েছেন।
তিনি মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি একটি নিয়মিত বিষয়। সব সময়ই নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেয়ার পরে এ ধরনের সাক্ষাৎ করে থাকে।”
তবে একাধিক ব্যবসায়ী নেতা জানিয়েছেন, চলমান রাজনৈতিক সঙ্কট নিয়ে বৈঠকে কথা বলবেন তারা। সঙ্কট সমাধানের জন্যও বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানানো হবে।
এর আগে এফবিসিসিআইর নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন এবং রাজনৈতিক সঙ্কট আলোচনার মাধ্যমে নিরসনের প্রস্তাব দেন।
গত একমাস ধরেই দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল। যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতাকারী জামায়াত কিছুদিন আগেও তাণ্ডব চালায়। বেশ কয়েকদিন হরতালও ডাকে তারা।
নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন চালিয়ে আসা বিএনপিও কয়েকদিন হরতাল ডাকে।
দাবি আদায়ে হরতালের বিকল্প কর্মসূচি দেয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান ইতোমধ্যে জানিয়েছে ব্যবসায়ীরা। সম্প্রতি অর্থমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে আইন করে হরতাল বন্ধের আহ্বানও জানিয়েছে এফবিসিসিআই।
এফবিসিসিআই বিরোধীদলীয় নেতার পাশাপাশি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের কাছেও সাক্ষাৎ চেয়ে চিঠি পাঠিয়েছে।
দুজনের কাছে চিঠি পাঠানো হলেও এখনো কোনো জবাব পাওয়া যায়নি বলে শাহাবুদ্দিন জানান।
