২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোকা-আমান-ফারুকও আটক

বিএনপি কার্যালয় থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পর আটক হয়েছেন বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও জয়নুল আবদিন ফারুকও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2013, 01:53 PM

Updated : 13 Oct 2022, 02:49 PM

পুরনো খবর:

ফখরুল আবার আটক
রিজভীও আটক

বোমা বিস্ফোরণে ১৮ দলীয় জোটের সমাবেশ পণ্ডের পর সোমবার বিকাল সোয়া ৬টার দিকে নয়া পল্টনে দলীয় কার্যালয় থেকে আটক করা হয় ফখরুলকে।

এর ১৫ মিনিটের মধ্যে আটক হন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তারপর দলীয় কার্যালয়ে তল্লাশি চালিয়ে ১০টি বোমা উদ্ধার করে পুলিশ।

তল্লাশির সময় বিএনপির নেতারা ফখরুলের কক্ষে আশ্রয় নিয়েছিলেন। ওই কক্ষ ভেঙে ফেলে পুলিশ।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই কক্ষ থেকে একে একে আটক করা হয় সহসভাপতি সাদেক হোসেন খোকা, সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুককে।

ওই কক্ষ থেকে আরো আটক করা হয় মোহাম্মদ শাহজাহান, হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুলকে।

এর আগে আটক করা হয় দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনিকে।

রাত ৮টা পর্যন্ত অভিযানে মোট কতজনকে আটক করা হয়েছে, সেই তথ্য এখনো পাওয়া যায়নি। তবে শতাধিক জনকে পুলিশের গাড়িতে তুলতে দেখা গেছে। একটি ট্রাংক এবং দুটি ব্যাগও পুলিশকে নিতে দেখা গেছে।

তল্লাশির সময় একটি কক্ষে ছিলেন সহসভাপতি সেলিমা রহমান, সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি, মহিলা দলের সভানেত্রী নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ কয়েকজন নারী নেতা-কর্মী।

পুলিশ তাদের আটক করেনি। পুলিশের কথায় রাত ৮টার সময় তারা দলীয় কার্যালয় থেক বেরিয়ে যান। 

বিকাল পৌনে ৫টায় সমাবেশ পণ্ডের পর ফখরুল ছিলেন দলীয় কার্যালয়ের তৃতীয় তলায় তার দপ্তরে। সেখান থেকে তাকে ধরে নিয়ে আসে পুলিশ।

দলীয় কার্যালয়ের সামনে থাকা পুলিশের প্রিজন ভ্যানে ফখরুলকে তুলে নেয়ার সময় বেশ কিছুক্ষণ টানা হেঁচড়াও চলে।

প্রিজন ভ্যানে তোলার সময় ফখরুল নেতা-কর্মীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

ফখরুল আটকের দেড় ঘণ্টা আগে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে ১৮ দলীয় জোটের সমাবেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের পর পণ্ড হয়ে যায়।

এর পরপরই মঙ্গলবার হরতালের ঘোষণা দেন ফখরুল।

সাড়ে ৬টার দিকে রিজভীকে কার্যালয় থেকে ধরে পুলিশ ভ্যানে তোলা হয়।

আটক সব নেতাদের গোয়েন্দা পুলিশের কার্যালয়ের দিকে নিতে দেখা গেছে।

তল্লাশির বিষয়ে সেখানে দায়িত্বরত ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, “বিএনপির সভাকে কেন্দ্র করে যে নাশকতার ঘটনা ঘটেছে। মূলত এগুলোর জন্যই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তন্নতন্ন করে তল্লাশি চালানো হবে।

“এক ঘণ্টা ধরে যে নৈরাজ্য চলেছে, দোষী ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসার জন্য তল্লাসি চালানো হচ্ছে। আর নাশকতা পরিস্থিতির জন্য যারা দায়ী তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”