প্রতিরোধে রাস্তায় হরতালবিরোধীরা
যুদ্ধাপরাধী সাঈদীর ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াতের ডাকা হরতালের প্রথম দিন রাজধানীর বিভিন্ন স্থানে হরতাল বিরোধী মিছিল হয়েছে।
হরতালবিরোধী মিছিল-গণজাগরণ
এর আগে সকালে হরতাল প্রতিহতের ডাকে শাহবাগের গণগাজরণ মঞ্চের মিছিলে যোগ দেয় হাজারো জনতা। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয় বিক্ষোভ মিছিলে।
মিছিল শেষ পুরান ঢাকায় রওনা দেয়ার আগে শাহবাগ রাজাকারদের ফাঁসি এবং জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবিতে স্লোগান চলতে থাকে।
রোববার সদরঘাট এলাকায় হরতালবিরোধী শ্রমিকলীগের মিছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকাসহ আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। এ সময় জামায়াত-শিবিরের তাণ্ডব রুখে দেয়ার আহ্বান জানানো হয়।
অন্যদিকে আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু এভিনিউ-পল্টন মোড়-বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত হরতালবিরোধী মিছিল করে।
মহাখালী এলাকায় একই সময়ে হরতালবিরোধী মিছিল করে বনানী থানা আওয়ামী লীগ নেতাকর্মীরা।
এদিকে অন্যান্য দিনের মতো এদিনও সহিংস ছিল জামায়াত-শিবির। ৪৮ ঘণ্টার হরতাল বাস্তবায়নে বিভিন্ন স্থানে তারা ব্যাপক তাণ্ডব চালিয়েছে। কয়েকটি জেলায় গাড়িতে আগুন দেয়ার পাশাপাশি পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে তারা।
তবে ঢাকায় হরতাল বিরোধীদের অবস্থান এবং পুলিশ, র্যাব ও বিজিবির উপস্থিতির কারণে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মালিবাগ, শান্তিনগর, রামপুরা, পল্টন, মতিঝিল, কারওয়ান বাজার, ফার্মগেইট, তেজগাঁও, মহাখালী, বাড্ডাসহ রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে।
সকাল থেকে রাস্তায় রিকশা ও অটোরিকশা চলাচল করলেও বাস চলাচল তুলনামূলক কম। গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে সকালে দূর পাল্লার কোনো বাসও ছেড়ে যায়নি।
তবে রেল ও নদী পথে চলাচল স্বাভাবিক রয়েছে।
