মানিকগঞ্জে প্রাণহানির ঘটনায় বিএনপির তদন্ত কমিটি
সমমনা ইসলামী দলগুলোর হরতাল চলাকালে রোববার সহিংসতায় মানিকগঞ্জে প্রাণহানির ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বিএনপি।
রাতে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
সকাল ১১টার দিকে জেলার সিঙ্গাইর উপজেলায় গোবিন্দল এলাকায় হারতাল সমর্থকদের সঙ্গে পুলিশ ও গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চারজন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গুলিবিদ্ধ নয়জনকে সাভার এনাম মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংঘর্ষ চলাকালে পুলিশের সঙ্গে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরাও অংশ নিয়েছিল বলে অভিযোগ করেন নিহতদের স্বজনরা।
তবে গুলিতে হতাহতের বিষয়টি সম্পর্কে পুলিশ স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি।
বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ মওদুদ আহমদকে আহবায়ক করে ৫ সদস্যের এই কমিটি গঠন করা হয়।
কমিটির অপর সদস্যরা হলেন, সংসদ সদস্য জমির উদ্দিন সরকার, এম কে আনোয়ার, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক ও সাংসদ এ কে এম হাফিজুর রহমান।
কমিটিকে সরেজমিন তদন্ত করে এক সপ্তাহের মধ্যে বিরোধী দলীয় নেতার কাছে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।
