বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার চায়: ফখরুল
বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার চায় বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার সকালে দিনাজপুর লোকভবনে জেলা বিএনপির এক কর্মী সমাবেশে তিনি বলেন, বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার চায়। তবে সেই বিচার হতে হবে স্বচ্ছ ও নিরপেক্ষ।
যুদ্ধাপরাধের মামলায় স্বচ্ছ ও ন্যায় বিচার না করতে পারায় আওয়ামী লীগ সরকারের পদত্যাগ করা উচিৎ বলে তিনি মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন, বিচারক ও তদন্ত কর্মকর্তা নিয়োগসহ সবকিছু আপনারাই করেছেন। কিন্তু স্বচ্ছ ও ন্যায় বিচার করতে না পারায় জনগণ এই বিচার প্রত্যাখ্যান করেছে।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তারা (আওয়ামী লীগ) আবার ক্ষমতায় আসতে বিভিন্নভাবে কূট কৌশল অবলম্বন করছে।
যত কূট কৌশলই অবলম্বন করুক না কেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে বাধ্য করা হবে, বলেন ফখরুল।
