জামায়াতে ইসলামী কার্যালয়ে তল্লাশি
জামায়াতে ইসলামী বাংলাদেশে মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ।
রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে শুক্রবার জুমার নামাজের পর সারাদেশে গণজাগরণবিরোধীদের ব্যাপক তাণ্ডবের পর রাত ৮টায় পুলিশ এই তল্লাশি চালায়।
রমনা বিভাগের উপ কমিশনার মারুফ হাসান তল্লাশির কথা স্বীকার করলেও কোন তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।
তবে জামায়াতের একটি সূত্র দাবি করেছে, পুলিশ প্রায় আধা ঘণ্টা তল্লাশি চালিয়ে কম্পিউটারসহ বেশ কিছু কাগজপত্র নিয়ে যায়।
শুক্রবার জুমার নামাজের পর রাজধানীতে বায়তুল মোকাররম, পল্টন ও কাঁটাবন, মিরপুর, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে ব্যাপক তাণ্ডব চালায় ‘গণজাগরণবিরোধীরা’।
চট্টগ্রাম ও সিলেটে জাগরণমঞ্চে হামলা হয়েছে। হামলা থেকে বাদ যায়নি বিভিন্ন জেলার কেন্দ্রীয় শহীদ মিনারও।
কয়েকটি ইসলামী ও সমমনা দলের ব্যানারে এসব হামলা হলেও পুলিশ বলছে, ওই দলগুলোর কর্মসূচিকে ব্যবহার করে জামায়াতে ইসলামী কর্মীরা এই সহিংসতা চালিয়ে থাকতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জুমার নামাজের পর শহীদ মিনার ও গণজাগরণ মঞ্চে ভাংচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষ ঘটনা ঘটেছে।
