২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির প্ররোচণায় জামায়াতের তাণ্ডব: ১৪ দল

বিএনপির ইন্ধনে ইসলামী সংগঠনের নামে জামায়াত-শিবির শুক্রবার সারাদেশে তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2013, 03:32 PM

Updated : 23 Aug 2022, 10:15 AM

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সভায় ১৪ দলের নেতারা এ কথা বলেন।

পরে ‘ইসলামী সংগঠনের নামে উগ্রবাদী জামায়াত- ইসলামীর দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের’ প্রতিবাদে শনিবার রাজধানীসহ সারা দেশের সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করে ১৪ দল।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, জামায়াত-শিবিরের এ সহিংস ঘটনার বিপরীতে আমাদের প্রতিরোধই শুধু নয়, কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে হবে। তার কোনো বিকল্প নেই।

পাশাপাশি জামায়াত নেতৃত্বাধীন ইসলামী দলগুলোর ডাকা রোববারের হরতাল অতীতের মতো প্রত্যাখ্যান করার আহ্বান জানান তিনি।

সভায় গণজাগরণের ছয়দফা দাবির প্রতি ১৪ দল একাত্মতা পোষণ করে।

মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি ও খালেদা জিয়ার প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচনায় তথাকথিত উগ্র মৌলবাদী জামায়াত-শিবির শক্তি সারাদেশে এ তাণ্ডব চালিয়েছে। তাদের একটাই লক্ষ্য যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করা।

তিনি বলেন, মসজিদকে ব্যবহার করে, মুসুল্লিদের হয়রানি ও বায়তুল মোকাররমের খতিবকে অপমান করে খুতবা শেষ হওয়ার আগেই পবিত্র জুমার দিনে অস্ত্র ও বোমা নিয়ে রাস্তায় নেমেছে। তাদের প্রথম টার্গেট ছিল সাংবাদিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নাসিম বলেন, “ওরা (জামায়াত) ভীত-সন্ত্রস্ত্র। যুদ্ধাপরাধীদের চরম দন্ড নিশ্চিত হয়েছে জেনেই মাঠে নেমেছে তারা। পবিত্র জুমার দিনে ফাঁকা মাঠে আক্রমণ করেছে তারা। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই।”

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, কতিপয় মহল মিছিল বের করার নামে মসজিদ ব্যবহার করে সন্ত্রাস করেছে। শহীদ মিনার ভাংচুর করেছে। পতাকা ছিড়েছে। উগ্রবাদী জামায়াতিরা সাংবাদিকদের উপর আক্রমণ করেছে। তাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। এজন্য তারা বিভিন্ন স্থানে গণজাগরণ মঞ্চ ও মুক্তিযোদ্ধাদের অফিস ভাংচুর করেছে। যুদ্ধাপরাধের বিচার বন্ধের জন্যই তাদের এমন কার্যক্রম। তারা নিবৃত না হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, সাংবাদিকদের পাশে সরকার সব সময় ছিল ভবিষ্যতেও থাকবে। নিরাপত্তার ব্যবস্থা করা হবে।

কয়েকটি গণমাধ্যমের অপপ্রচারের বিষয়ে ইনু বলেন, “আগামী রোববারের মধ্যে রিপোর্ট হাতে পাব। তারপর ব্যবস্থা নেয়া হবে।”

মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের নূহ-উল-আলম লেনিন, জাসদের শরীফ নূরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির আনিসুর রহমান মল্লিক, গণতন্ত্রী পার্টির নূরুর রহমান সেলিম, ন্যাপের এনামুল হক, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজেদুল ইসলাম, ডা. অসিত বরণ রায়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ।