‘জামায়াত নিষিদ্ধে সিদ্ধান্ত হোক রাজনৈতিক’
জামায়াতে ইসলামী নিষিদ্ধে আদালতের দিকে না তাকিয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার পক্ষে মত দিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত।
গণজাগরণে দাবি ওঠার পর জামায়াত নিষিদ্ধ করা নিয়ে মঙ্গলবার এক আলোচনা সভায় তিনি তার এই অবস্থান জানান।
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গড়ে ওঠা আন্দোলন থেকে যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবি উঠেছে।
সরকারি দলের বিভিন্ন নেতাও এই দাবি বাস্তবায়নে একমত হয়েছেন। প্রধানমন্ত্রীও বলেছেন, এদেশে জামায়াতের রাজনীতি করার কোনো অধিকার নেই।
তবে কী প্রক্রিয়ায় জামায়াতের রাজনীতি বন্ধ করা হবে, তা এখনো কেউ স্পষ্ট করেননি।
জামায়াত নিষিদ্ধে উচ্চ আদালতে একটি আবেদন বিচারাধীন জানিয়ে ওই পথ ধরে এগোনোর ইঙ্গিত কয়েকদিন আগেই দিয়েছিলেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে বুধবার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, নভেম্বর ০৭, ২০১২
“আদালতের কাঁধে চাপিয়ে নয়, বরং রাজনৈতিকভাবেই জামাতকে নিষিদ্ধে সিদ্ধান্ত নিতে হবে।”
দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘জনতার প্রত্যাশা’ সংগঠনের আয়োজনে এই আলোচনা সভায় বক্তব্য রাখেন এম এ করিম, ফজলুল হক, শাহজাহান আলম সাজু, অরুণ সরকার রানা প্রমুখ।
খালেদা জিয়ার সিঙ্গাপুর সফর নিয়ে সুরঞ্জিত বলেন, “তিনিই বলতে পারবেন এ সফর কতটা শারীরিক, কতোটা মনের, নাকি রাজনৈতিক চিকিৎসার জন্য।”
