২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জামায়াত নিষিদ্ধে লাগবে না বিএনপিকে’

জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে বিএনপির সমর্থনের আশায় আর থাকছে না আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2013, 11:42 AM

Updated : 23 Aug 2022, 10:13 AM

ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহাবুব-উল আলম হানিফ সোমবার একথা জানিয়েছেন।

হানিফ বলেছেন, “আইন পাসের আগে আমরা বলেছিলাম জামাত-শিবির নিষিদ্ধে আইন করতে বিএনপির সমর্থন প্রয়োজন। কিন্তু এখন জামায়াত নিষিদ্ধ করার ক্ষেত্র তৈরি হয়েছে।

“আইনের মাধ্যমে জামাতকে নিষিদ্ধ করা যাবে। তাই বিএনপির সমর্থনের প্রয়োজন নেই।”

একাত্তরের যুদ্ধাপরাধের জন্য সংগঠনগুলোরও বিচার করতে আইন সংশোধনের একদিন পর জামায়াতের হরতালের মধ্যে দলীয় কার্যালয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন। 

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিল ও আটক শীর্ষনেতাদের মুক্তি দাবিতে জামায়াত সারাদেশে সোমবার হরতাল ডাকলেও তাতে সাড়া দেখা যায়নি।

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের আন্দোলনকারীরা এই হরতাল প্রত্যাখ্যান করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিল।

হরতালের বিরুদ্ধে কর্মসূচি নিয়ে মাঠে ছিল আওয়ামী লীগও। হানিফসহ দলের কেন্দ্রীয় নেতারা এদিন বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে ছিলেন।

হানিফ বলেন, গণজাগরণ মঞ্চের ডাকে দেশের মানুষ হরতাল প্রত্যাখ্যান করেছে, জীবনযাত্রা ছিল স্বাভাবিক।

জামায়াতের জোটসঙ্গী বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশ্রুতি দিয়ে ‘বিভ্রান্তি’ সৃষ্টির চেষ্টা করছেন বলে দাবি করেন আওয়ামী লীগ নতা।

মির্জা ফখরুল রোববার এক সমাবেশে বলেন, আগামীতে তারা ক্ষমতায় গেলে মানবতাবিরোধী সব অপরাধের বিচার করবেন।

“যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে এবং জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে নিতেই এর সঙ্গে অন্যান্য মানবতাবিরোধী অপরাধের বিষয়টি মেশানো হচ্ছে, ” বলেন হানিফ।

Image
মাহাবুব-উল আলম হানিফ

মাহাবুব-উল আলম হানিফ

তিনি একইসঙ্গে বলেন, “বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে কীভাবে? বাংলার মানুষ তাদের আর চায় না।

“যুদ্ধাপরাধীদের গাড়িতে পতাকা উড়ুক, আবারো দেশকে জঙ্গী রাষ্ট্র বানানো হোক, হাওয়া ভবন তৈরি করে দেশের টাকা বিদেশে পাচার করা হোক; দেশের মানুষ তা চায় না।”

শাহবাগ আন্দোলনকে যারা ভিন্ন পথে নিতে চায় তারা পাকিস্তানের ধারক-বাহক ও এজেন্ট, বলেন হানিফ।

“জামাত পাকিস্তানের ধারক ও বাহক। বিএনপি পাকিস্তানের এজেন্ট। দু’টি দলই পাকিস্তানের টাকায় চলে।”

হানিফের সঙ্গে দলীয় কার্যালয়ে ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী, যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী প্রমুখ।

হরতালের বিরুদ্ধে সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনে আওয়ামী সমর্থক গোষ্ঠীর ব্যানারে বেশ কয়েকটি সংগঠন মানববন্ধন করে।

পরে তারা আশেপাশের সড়কে মিছিল করে। যুব সংগ্রাম পরিষদের ব্যানারে মিছিল সমাবেশ করে আওয়ামী যুবলীগ। স্বেচ্ছাসেবক লীগও বিক্ষোভ মিছিল করে।