সিলেটে আধাবেলা হরতাল ডেকেছে শিবির
পুলিশের সঙ্গে সংঘর্ষে পাঁচ কর্মী আহত হওয়ার প্রতিবাদে রোববার সিলেটে আধাবেলা হরতালের ডেকেছে ইসলামী ছাত্রশিবির।
অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।
শনিবার সকালে যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লাসহ আটক নেতাদের মুক্তি দাবিতে বিক্ষোভরত জামায়াত-শিবির কর্মীদের বাধা দিলে তারা পুলিশের ওপর হামলা চালায়।
নগরীর নয়াসড়ক এলাকায় ওই সংঘর্ষে পুলিশ ও জামায়াত-শিবিরকর্মীসহ অন্তত ১৫ জন আহত হন। তিন কর্মী গুলিবিদ্ধ হয়েছে বলে দাবি করে জামায়াত।
এ ঘটনার পর বিকালে সিলেট মহানগর শিবিরের সভাপতি আনোয়ারুল ওয়াদুদ টিপু রোববার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল কর্মসূচি দেন।
এরপর রোববার সকাল থেকে শহরে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েনের সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক খান মো. বিলাল।
বিজিবি ৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিউল আজম বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি শহরে চার প্লাটুন বিজিবি সদস্য নিয়োজিত থাকবে।
সকালের সংঘর্ষ নিয়ে কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, জামায়াত-শিবির কর্মীরা হঠাৎ মিছিল বের করে গাড়ি ভাংচুর করতে থাকলে পুলিশ বাধা দেয়।
বাধা পেয়ে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। তখন পুলিশও পাল্টা গুলি চালিয়ে এবং কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
জামায়াত-শিবিরকর্মীদের ছোড়া ইটে অন্তত ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে ওসি জানান।
অন্যদিকে জামায়াত নেতারা বলেছেন, তাদের তিনকর্মী গুলিবিদ্ধসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।
