২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনাল নিয়ে ‘সংকট’ দেখছেন মওদুদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে সরকার নতুন ‘সংকট’ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2013, 01:38 PM

Updated : 23 Aug 2022, 10:11 AM

সোমবার আন্তর্জাতিক অপরাধ আইনের সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদনের পর বিকালে এক আলোচনায় মওদুদ বলেন, “এর ফলে সরকারের গঠিত ট্রাইব্যুনাল নিয়ে নতুন সংকট সৃষ্টি হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারকগণ আর স্বাধীন এবং নিরপেক্ষভারে কাজ করতে পারবেন না। এখন তারা যে রায়ই দেন না কেনো, তা বির্তকিত হবে এবং কোনো পক্ষের কাছে গ্রহনযোগ্য হবে না।”

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সংশোধিত আন্তর্জাতিক অপরাধ আইন (সংশোধন) ২০১৩ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয় যাতে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আসামি ও রাষ্ট্রপক্ষের জন্য সমান সুযোগ রাখা হয়েছে।

সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, “শাহবাগে নতুন প্রজন্ম প্রকাশ্যে বলে দিয়েছে- ট্রাইব্যুনালের বিচার মানতে তারা রাজি নয়। প্রধানমন্ত্রী তাদের (নতুন প্রজন্ম) বক্তব্যে গতকাল (রোববার) সংসদে পূর্ণ সমর্থন দিয়েছেন।”

“বর্তমান ট্রাইব্যুনালের ওপর নতুন প্রজন্ম ও প্রধানমন্ত্রী রোববার সংসদে যে অনাস্থা জ্ঞাপন করেছেন, সেই প্রেক্ষাপটে ট্রাইব্যুনালের বিচারকদের পদত্যাগ করা উচিৎ হবে।”

যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত ট্রাইব্যুনাল নিয়ে সৃষ্ট সংকটের দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে বলে মন্তব্য করেন মওদুদ।

“সরকারে এরকম দ্বিমুখী নীতি এবং তাদেরই গঠিত ট্রাইব্যুনালের রায় দিয়ে স্ববিরোধী অবস্থানের কারণে আজ সরকারের মুখোশ উন্মোচিত হয়ে গেছে।”

নির্দলীয় সরকারের চলমান আন্দোলন সম্পর্কে মওদুদ আহমদ বলেন, “সরকার যত কলা-কৌশল করুক না কেনো, চলমান আন্দোলন থেকে বিএনপিকে সরাতে পারবে না। আন্দোলনের কর্মসূচি আছে, ভবিষ্যতেও থাকবে।’’

মওদুদ বলেন, “আগামী ৯ মার্চ দলের জাতীয় কাউন্সিল হওয়ার কথা রয়েছে। তা বিবেচনায় রেখে আন্দোলনের কর্মসূচি আসবে। কারণ জাতীয় কাউন্সিলের মাধ্যমে দল আরও সংগঠিত করা হবে।”

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে নাগরিক ফোরামের উদ্যোগে ‘অশুভ গন্তব্যের দেশ: আমাদের করণীয়’ শীর্ষক এই আলোচনা সভা হয়।

সংগঠনের সভাপতি আবদুল্লাহহিল মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে দলের সহসভাপতি সেলিমা রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভঅপি লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, জাতীয়তাবাদী যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, মহিলা সাংসদ শাম্মী আখতার প্রমুখ বক্তব্য রাখেন।