২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার নিবন্ধের প্রতিবাদ জানালো সরকার

মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন টাইমসে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নিবন্ধের আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2013, 06:06 AM

Updated : 23 Aug 2022, 10:11 AM

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওয়াশিংটন টাইমস ৬ ফেব্রুয়ারির অনলাইন সংস্করণে বাংলাদেশ সরকারের প্রতিবাদ এবং পরের দিন সংবাদপত্রে এর সম্পাদিত অংশ প্রকাশ করে।

ওয়াশিংটনে বাংলাদের রাষ্ট্রদূত আকরামুল কাদের ‘কাউন্টারপয়েন্ট অন বাংলাদেশস ডেমোক্রেসি’ শীর্ষক এই প্রতিবাদপত্রটি লেখেন।

গত ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াশিংটন টাইমসে প্রকাশিত খালেদা জিয়ার ওই নিবন্ধে বলা হয়, “এ সময়ে সবকিছুই চরম বিপদের মুখোমুখি। মার্কিন নেতৃত্বে পুরো বিশ্বকে এখন বাংলাদেশে গণতন্ত্র-রক্ষার জন্য কাজ করতে ও নিশ্চয়তা দিতে হবে।”

ওই নিবন্ধ প্রকাশিত হওয়ার পর বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় ওঠে।

বুধবার জাতীয় সংসদে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটন টাইমসে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নিবন্ধের কড়া সমালোচনা করেন। বিএনপি চেয়ারপারসন দেশকে ‘শায়েস্তা’ করতে অন্য দেশকে ডেকে আনছেন বলেও মন্তব্য করেন তিনি।

ওয়াশিংটন টাইমসে পাঠানো প্রতিবাদে নিবন্ধে খালেদা জিয়ার উল্রেখ করা বিভিন্ন অভিযোগের জবাব দেয়া হয়েছে।

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের উল্লেখ করে প্রতিবাদপত্রে বলা হয়েছে, “তিনি (খালেদা জিয়া) হয়তো এই নির্বাচন চেপে যেতে চাইবেন, কিন্তু বাংলাদেশের নির্বাচনের খবর সংগ্রহ করা করা বিদেশি গণমাধ্যমগুলো ভুলেনি যে তার নেতৃত্বেই মাত্রই গণতন্ত্রের স্বাদ পাওয়া এটি দেশের সবচেয়ে লজ্জাজনক একদলীয় নির্বাচন হয়েছে।

“তার দল ও জোটের অংশীদাররা যখন দেশে অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার জন্য সহিংসতার আশ্রয় নিচ্ছে তখন তিনি এ নিবন্ধটি লিখেছেন”।

“তার উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের জনণের প্রশ্ন জাগাটাই স্বাভাবিক”

প্রতিবাদপত্রে বলা হয় “তার সরকার সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের সময়সীমা বাড়িয়েছে যাতে পরে এক প্রধান বিচারপতি তার হয়ে কাজ করতে পারেন।”

“তার পছন্দ করা প্রধান নির্বাচন কমিশনার জাতিকে এক কোটি ৩০ লাখ ভূয়া ভোটারের একটি তালিকা উপহার দিয়েছে। এর ফলে বাংলাদেশে গণতন্ত্রের শাসনে ব্যহত হয় এবং দুই বছর ক্ষমতা কুক্ষিগত করে রাখে সেনাসমর্থিত অগণতান্ত্রিক সরকার।”

বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় বিরোধী দলের নেতা পশ্চিমা হস্তক্ষেপ চাওয়ার বিষয়ে প্রতিবাদে বলা হয়, “বিদেশি শক্তির কাছে মাথা নত করে রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য তার এই তৎপরতা থেকে অবাক হওয়ার কিছু নেই। কারণ তার ও তার মিত্রদের দলের আদর্শ বাংলাদেশের স্বাধীনতার পুরোপুরি বিরোধী।”

প্রতিবাদে খালেদার দুই ছেলের অর্থ পাচারের কথাও উল্লেখ করা হয়।

“এফবিআই ও বিভিন্ন দেশের দুর্নীতি দমন সংস্থার সহায়তায় বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক তার দুই ছেলের পাচার কথা অর্থের একটি ছোট অংশ কেবল ফেরত আনতে পেরেছে।”

বিরোধীদলীয় নেতা নিবন্ধে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যত নিয়ে শঙ্কা প্রকাশ করে তা সচলে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ প্রত্যাশা করেন।

বাংলাদেশের ওপর অথনৈতিক নিষেধাজ্ঞা আরোপে খালেতার আহ্বানের প্রতিবাদ জানিয়ে রাষ্ট্রদূত লেখেন, “যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের প্রথমবারের মতো অংশীদারিত্ব আলোচনা সফলভাবে হল তখনই খালেদার এই আহ্বান এল।”

দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার হচ্ছে উল্লেখ করে এতে বলা হয়, বাংলাদেশ অদূর ভবিষ্যতে মার্কিন কোম্পানিগুলোর আরো জোরদার উপস্থিতি চায়।

“বর্তমানে বাংলাদেশে এককভাবে সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র।”

অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইস্যুতে খালেদর মন্তব্য নিয়ে প্রতিবাদপত্রে বলা হয় “এটা বাংলাদেশের সর্বোচ্চ আদালত অবমাননার মতোই, কারণ আইনি প্রক্রিয়াতেই এর সমাধান হয়েছে।”

খ্যতনামা জার্মান সাহিত্যিক গ্যেটের উদ্ধৃতি দিয়ে শেষ হয় প্রতিবাদপত্রটি, “অর্ধেক নির্বোধ আর অর্ধেক জ্ঞানী ডেকে আনে চরম বিপদ।”

পুরনো খবর:

‘অন্য দেশকে দিয়ে নিজের দেশকে শায়েস্তায় খালেদা’