ভাষার মাসে বিরোধী দলের ‘নিরীহ’ কর্মসূচি
মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আটক নেতা-কমীদের মুক্তির দাবিতে সারা দেশে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি পেশসহ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
তার ভাষায় এ কর্মসূচি হবে ‘নিরুত্তাপ ও নিরীহ’।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী ৬ ফেব্রুয়ারি জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দেবে বিরোধীদলীয় জোট।
‘নিখোঁজ’ বিএনপি নেতা ইলিয়াস আলীসহ সারা দেশে ‘গুম-হত্যার প্রতিবাদে’ ১১ ফেব্রুয়ারি জেলা-উপজেলায় কালো পতাকা মিছিল হবে।
নিত্যপণ্য ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তার (টিএনও) কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি পেশ করা হবে ১৮ ফেব্রুয়ারি।
আর পুঁজিবাজার, হল-মার্ক, ডেসনিটি কেলেঙ্কারিসহ আর্থিক খাতে ‘অনিয়মের’ প্রতিবাদে ২৩ ফেব্রুয়ারি জেলা-উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বিরোধীদল।
নতুন কর্মসূচি ঘোষণা করে তরিকুল ইসলাম বলেন, “আমরা এবার নিরুত্তাপ ও নিরীহ কর্মসূচি দিয়েছি। কোনো কঠোর কর্মসূচি দিইনি। কারণ ফেব্রুয়ারি মাস ভাষার মাস।
“এখন এসএসসি পরীক্ষা চলছে। সারা দেশের এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের আবেগের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এই কর্মসূচি ঘোষণা করেছি।”
তবে প্রয়োজনে বিএনপি কঠোর কর্মসূচি দবে বলেও সরকারকে হুঁশিয়ার করেন তিনি।
আন্দোলনের মাধ্যমে সরকারকে নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালে বাধ্য করার লক্ষ্যে এই আন্দোলন চলছে জানিয়ে তিনি বলেন, “এরপর আরো কর্মসূচি দেয়া হবে।”
বিএনপি চেয়ারপার্সন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গত ২৬ জানুয়ারি দলের স্থায়ী কমিটির সদস্য এবং ২৮ জানুয়ারি ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে নতুন কর্মসূচি ঠিক করেন। বিরোধীদলীয় জোটের এক মাসের কর্মসূচি শেষ হয় গত ২৬ জানুয়ারি।
জোটের কর্মসূচির বাইরে দলীয় কর্মসূচিও ঘোষণা করেন বিএনপি নেতা তরিকুল ইসলাম।
তিনি জানান, আগামী মার্চ মাসে দলীয় কাউন্সিল সামনে রেখে ১৫ ও ১৬ ফেব্রুয়ারি জেলা ও মহানগরে বর্ধিত সভা করা হবে।
এছাড়া বিএনপি চেয়ারপারসন ফেব্রুয়ারি মাসে কয়েকটি জেলায় জনসভা করবেন। তবে জনসভাস্থল ও দিনক্ষণ সম্পর্কে কিছু জানাননি তরিকুল।
অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, রুহুল কবির রিজভী, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহানগর সদস্যসচিব আবদুস সালাম, সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব, হেলেন জেরিন খান, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সভাপতি এম এ মালেক, স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, শ্রমিক দলের সৈয়দ আনোয়ার হোসেন, কৃষক দলের তকদির হোসেন জসিম সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
