পদ্মা সেতু নয়, হবে নামফলক: মওদুদ
জনগণকে দেখানোর জন্য সরকার পদ্মা সেতু নির্মাণের নামে একটি নামফলক উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।
তিনি বলছেন, “যতই টেন্ডার আহবান করার কথা বলুক না কেনো, বর্তমান সরকার পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করতে পারবে না। জনগণকে দেখানোর জন্য কোটি টাকা খরচ করে শুধু একটি নামফলক উন্মোচন করতে পারবে।”
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যের জবাবে শনিবার এক আলোচনা সভায় বলছিলেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।
তিনি অভিযোগ করেন, “এই সেতু নির্মাণ করা সরকারের লক্ষ্য ছিলো না, উদ্দেশ্য ছিলো ওই সেতু প্রকল্প থেকে বিরাট অংকের ঘুষ হাতিয়ে নেয়া। বিশ্বব্যাংক যখন দুর্নীতি অভিযোগ তুলে অর্থায়ন বন্ধ করে দেয়, তখন সরকার বুঝতে পেরেছে, ওই প্রকল্প থেকে ঘুষের টাকা আর পাওয়া যাবে না।”
এই কারণেই বিশ্ব ব্যাংক থেকে ঋণ নেবেন না বলে সরকার চিঠি দিয়েছে বলে দাবি করেন মওদুদ।
শনিবার চট্টগ্রামে এক অনুষ্ঠান শেষে অর্থমন্ত্রী বলেছিলেন, আগামী মাসে পদ্মাসেতু প্রকল্পের দরপত্র আহ্বান করার আশা তিনি করছেন। সব মিলিয়ে দুই মাসের মধ্যে সেতুর কাজ শুরু করা যাবে বলেও জানান মুহিত।
২৯১ কোটি ডলারের পদ্মা প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেয়ার কথা ছিল। কিন্তু দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন আটকে দেয়ার পর জটিলতার মুখে গত বৃহস্পতিবার সরকার সংস্থাটিকে জানিয়ে দেয়, তাদের অর্থ নেয়া হবে না।
এর একদিন পর শুক্রবার রাতে এডিবি এবং শনিবার সন্ধ্যায় জাইকাও সরে দাঁড়ানোর কথা জানায়।
জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশনের উদ্যোগে ‘রাজনৈতিক নির্যাতন-হয়রানি বন্ধ এবং নির্দলীয় সরকারের পদ্ধতি পুনর্বহাল’ শীর্ষক ওই আলোচনা সভায় মওদুদ আহমদ বলেন, মানুষ আজ জেনে গেছে, শুধু মাত্র একজন মন্ত্রীর কারণেই নয়, আরো অনেক উচ্চ পর্যায়ের লোকজনকে বাঁচাতে সরকার এই প্রকল্পের জন্য বিশ্ব ব্যাংক থেকে ঋণ নেয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে।
বিশ্ব ব্যাংককে বাদ দিয়ে মালয়শিয়াসহ কয়েকটি দেশ থেকে ঋণ নেয়ার সরকারের চিন্তাভাবনার সমালোচনা করে সাবেক আইনমন্ত্রী বলেন, “মালয়শিয়া থেকে ঋণ নিলে সুদ দিতে হবে শতকরা ৬ ভাগ হারে। এতো উচ্চ হারে সুদ নেয়া হলে তা এদেশের মানুষের ওপর বোঝা হয়ে দাঁড়াবে। বাংলাদেশের জনসাধারণকে আগামী ৫০ বছর ওই ঋণের বোঝা বহন করতে হবে।”
সম্প্রতি যোগাযোগ মন্ত্রী ওবায়েদুল কাদের জানিয়েছেন, পদ্মা সেতু নির্মাণ কাজে মালয়শিয়া, চীন ও ভারত আগ্রহ প্রকাশ করেছে।
রাষ্ট্রীয় অর্থ ব্যয়ে নির্বাচনী প্রচার
মওদুদ অভিযোগ করেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রের অর্থ খরচ করে বিভিন্ন জেলায় গিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আজো একটি জেলায় সফর করে প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে দলের পক্ষে প্রাকাশ্যে ভোট চেয়েছেন।
নির্দলীয় সরকারের দাবিতে চলমান আন্দোলন সম্পর্কে মওদুদ বলেন, ভোটের অধিকার ও গণতন্ত্রকে রক্ষার জন্য আমাদের এই আন্দোলন। এতে পর্যায়ক্রমে এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, “অনেকে আমাদের বলেন কেনো কঠোর কর্মসূচি দেয়া হচ্ছে না। জবাবে আমি বলব, কঠোর কর্মসূচি বিএনপি দিতে পারে। কিন্তু তার সুযোগ দিয়ে গণতন্ত্রের শক্ররা যাতে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করতে পারে, সেদিকে আমাদের সর্তক থাকতে হবে।”
মো. মোজাহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী, সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ইসলামিক পার্টির সভাপতি অ্যাডভোকেট আবদুল মবিন, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সাধারণ সম্পাদক খোন্দকার লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিল রওশন আরা জিন্নাত নাজনীন, এমরান হোসেন, এম এ বাশার, প্রমুখ বক্তব্য রাখেন।
