২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মার সিদ্ধান্ত অবিবেচনাপ্রসূত: বিএনপি

পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংককে ‘না’ বলে দেয়ার সিদ্ধান্ত ‘অবিবেচনাপ্রসূত’ বলে মনে করে বিএনপি।  

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2013, 02:06 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

Image
বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন

বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন

শুক্রবার বিকালে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “সরকারের দুর্নীতি ও একগুঁয়েমির কারণেই দেশের সর্ববৃহৎ পদ্মা সেতু নির্মাণ হচ্ছে না। আমরা মনেকরি বিশ্ব ব্যাংক থেকে এই প্রকল্পের অর্থায়নের অনুরোধ প্রত্যাহার করে সরকার অবিবেচনাপ্রসূত কাজ করেছে।”

বিশ্ব ব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশ সরকার পদ্মা সেতুতে অর্থায়নের অনুরোধ প্রত্যাহার করে নিয়েছে। তবে দুর্নীতির তদন্ত চালিয়ে যাবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘রাষ্ট্রনায়ক জিয়া’ গ্রন্থের প্রকাশনা উপলক্ষে ওই আলোচনা সভায় খন্দকার মোশাররফ বলেন, “পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে। চিহ্নিত দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এখন সরকার বিশ্ব ব্যাংক থেকে অর্থায়নের অনুরোধ প্রত্যাহার করে নিয়ে জনগনকে ভুল বোঝাচ্ছে যে, তারা নিজস্ব অর্থায়নে সেতু করবে।’’

সেতুর ভিত্তি প্রস্তর স্থাপনের জন্য তারা এভাবে জনগণকে ভুল বোঝাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

২৯০ কোটি ডলারের এ প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেয়ার কথা ছিল। কিন্তু কানাডীয় কোম্পানি এসএনসি লাভালিনের দুই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ ওঠার পর ২০১১ সালের সেপ্টেম্বরে চুক্তি স্থগিত করে এই ঋণদাতা সংস্থা।

দুর্নীতি দমন কমিশন (দুদক) এরপর তদন্ত শুরু করলেও সরকারের সঙ্গে মতভেদ না কাটায় গত জুন মাসে বিশ্ব ব্যাংক ঋণচুক্তি বাতিল করে।

মোশাররফ বলেন, “নিজস্ব অর্থায়নে কখনো পদ্মা সেতু নির্মাণ হবে না। নিজস্ব অর্থায়ন দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপনের  প্রয়োজনীয় ইট-বালুর ব্যবস্থা হবে, পদ্মা সেতু নির্মাণ হবে না।”

পদ্মাসেতুর অর্থায়ন বাতিল করার পেছনে মন্ত্রীসহ স্পর্শকাতর ব্যক্তিরা জড়িত বলে অভিযোগ করেন এই সাবেক মন্ত্রী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব উল্লাহ, অধ্যাপক বোরহান উদ্দিন খান, অধ্যাপক সলিমুল্লাহ খান, অধ্যাপক সৈয়দ মো. কামরুল আহসান, অবসরপ্রাপ্ত মেজর  জেনারেল মুহাম্মদ আইনুদ্দীন প্রমুখ বক্তব্য দেন।