২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় হরতাল: লোক আনছে জামায়াত

বগুড়া শহরে শনিবার সকাল-সন্ধ্যা হরতালকে সামনে রেখে আশপাশের জেলাগুলো থেকে জামায়াত-শিবিরকর্মীদের জড়ো করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

জিয়া শাহীন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2013, 11:41 AM

Updated : 23 Aug 2022, 10:08 AM

বৃহস্পতিবার হরতাল চলাকালে তিন জনের হতাহতের ঘটনায় এ হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার সকাল থেকেই আশপাশের নেতাকর্মীরা বাসে করে বগুড়ায় এসে জড়ো হতে থাকেন। পরে তারা বিভিন্ন মসজিদে জুমার নামাজ আদায় শেষে গায়েবানা জানাযায় অংশ নেন।

পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক বলেন, “হরতালে বিভিন্ন জেলা থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা আসতে পারে এটা গোয়েন্দা সংস্থা থেকে পুলিশকে জানানো হয়েছে। পুলিশ সতর্ক আছে।”

তবে শহর জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মাজেদুর রহমান জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতদের গায়েবরানা জানাযায় অংশ নিতে বিভিন্ন জেলা থেকে মনের টানে নেতাকর্মীরা এসেছে।

“বগুড়ায় হরতালের জন্য বাইরের নেতাকর্মীদের প্রয়োজন নেই। কেননা, বগুড়া জামায়াত-শিবির অত্যন্ত সুসংগঠিত,” যোগ করেন এই জামায়াত নেতা।

তবে কৌশলগত কারণে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কাওসার শিকদার।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল থেকে বাসে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন জেলা থেকে বগুড়া আসতে শুরু করেন।

জয়পুরহাট, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর, গাইবান্ধা, রংপুর থেকে আসা বাসগুলো শহরের বিভিন্ন স্থানে জামায়াত-শিবির নেতাকর্মীদের নামিয়ে দেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

পরে তারা বগুড়ায় সেন্ট্রাল মসজিদ, বড় মসজিদ, পার্ক মসজিদ, সাতানী মসজিদসহ শহরের বিভিন্ন মসজিদে জুম্মার নামাজ আদায় করেন।

নামাজ শেষে হাজার খানেক জামায়াত-শিবির নেতাকর্মী শহরের সুত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নিহতদের গায়েবানা জানাযায় উপস্থিত হন।

গায়েবানা জানাযায় অংশ নিয়ে বক্তব্য দেন রাজশাহী মহানগর জামায়াতের আমীর মাওলানা আতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর নজরুল ইসলাম, জয়পুরহাট জেলা আমীর আবু সাঈদ, কেন্দ্রীয় ছাত্রশিবিরের ছাত্র কল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন, বগুড়া জেলা জামায়াত আমীর সাহাবুদ্দীন, জেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, এলডিপি জেলা সভাপতি মোকলেছুর রহমান, জাগপার জেলা সভাপতি আমীর হোসেন মণ্ডল প্রমুখ।

বক্তারা বলেন, অবিলম্বে তিন নেতাকর্মীর খুনী ছাত্রলীগ, যুবলীগের গুণ্ডাবাহিনী এবং পুলিশের দোষী সদস্যদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

নাহলে জামায়াত-শিবিরকর্মীরা নিজেরাই খুনের বদলা নিতে প্রস্তুত বলে নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, শনিবারের হরতাল শান্তিপূর্ণভাবে পালন করলে কোনো সমস্যা নেই। কিন্তু ভাংচুর কিংম্বা বিশৃঙ্খলা যদি সৃষ্টি করা হয় তাহলে ছাড় দেয়া হবে না।

শনিবারের হরতালে শহরে তিন শতাধিক পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া র‌্যাবও দায়িত্ব পালন করবে।

তবে, জেলা প্রশাসকের আহ্বানে নওগাঁ থেকে আসা বিজিবি সদস্যরা এখনো মাঠে নামেনি। প্রয়োজনে তাদেরও মাঠে নামানো হবে বলে জানান এসপি।