পল্টনে জামায়াতের ঝটিকা মিছিল
রাজধানীর পল্টন এলাকায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির ঝটিকা মিছিল বের করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
বৃহস্পতিবার জামায়াতের হরতালের পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পল্টনে এ ঘটনা ঘটে।
পুলিশের মতিঝিল বিভাগের উপ কমিশনার আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াত কর্মীরা হঠাৎ মিছিল বের করে পুলিশের ওপর হামলা চালায়।
পরে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে জানান তিনি।
এ ঘটনায় তিন জনকে আটক করে পল্টন থানা পুলিশ।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিল, আটক শীর্ষনেতাদের মুক্তির দাবিতে জামায়াতে ইসলামী এদিন সারা দেশে হরতাল করে।
হরতালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাংচুর ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
