হাতবোমা বিস্ফোরণ, বাস ভাংচুর
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিল, আটক শীর্ষনেতাদের মুক্তির দাবিতে জামায়াতে ইসলামীর ডাকা হরতালের সকালে রাজধানীর বাংলামোটর এলাকায় কয়েকটি হাতবোমা ফাটানো হয়। একটি দোকানে আগুন দেয়ার চেষ্টা হয় আজিমপুর এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে কয়েকজন যুবক একটি বাসে আগুন দেয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ এগিয়ে গেলে তারা তিনটি হাতবোমা ফাটিয়ে পালিয়ে যায়।
এ সময় একটি গলির ভেতরে থেকে দুই জনকে আটক করা হয় বলে রমনা থানা পুলিশ জানায়।
এদিকে লালবাগ থানার এসআই ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে আজিমপুর বাসস্ট্যান্ডের কাছে একটি দোকানে আগুন দেয়ার চেষ্টার সময় শরীফ নামে আনুমানিক ২০ বছর বয়সী এক তরুণকে আটক করা হয়।
হরতালে বিশৃঙ্খলা এড়াতে বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানীর প্রতিটি সড়কে অবস্থান নেন বিপুল সংখ্যক পুলিশ ও র্যা ব সদস্য। এর মধ্যেও হরতালের প্রথম ঘণ্টায় যাত্রবাড়ী, মিরপুর, শ্যাওড়াপাড়াসহ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার চেষ্টা চালায় হরতালকারীরা।
যাত্রাবাড়ী থানার এসআই এমরানুল ইসলাম জানান, সকালে মীর হাজারিবাগ এলাকায় একটি ঝটিকা মিছিল থেকে কয়েকটি বাস ভাংচুর করা হয়। এ সময় পুলিশ কয়েকজনকে আটক করে।
এছাড়া মিরপুর-১০ নম্বর গোল চক্কর ও মিরপুর- ১১ এলাকায় দুটি বাসে আগুন দেয়ার খবর পাওয়া গেলেও পুলিশ বিষয় নিশ্চিত করেনি।
এছাড়া কাজী পাড়া, শ্যাওড়াপাড়া এলাকাতেও হরতকাল সমর্থকরা ঝটিকা মিছিল নিয়ে বের হলে পুলিশ কয়েকজনকে আটক করে।
সারা দেশে সকাল সন্ধ্যা এই হরতাল ডাকা হলেও ঢাকা ও চট্টগ্রামে কর্মসূচি চলবে দুপুর পর্যন্ত। জামায়াতের প্রধান শরিক বিএনপিও এই হরতালে সমর্থন দিয়েছে।
