‘জামায়াতের হামলা দুঃখজনক, পুলিশের আচরণ বেআইনি’
পুলিশের ওপর জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির কর্মীদের হামলা ‘দুঃখজনক’ হলেও সরকারের দলীয়করণের কারণে পুলিশ ‘বেআইনী’ আচরণ করছে বলে মন্তব্য করেছেন প্রধান বিরোধী দল বিএনপির এক নেতা।
মঙ্গলবার এক মানববন্ধন কর্মসূচিতে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, “সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিরোধী দলীয় প্রধান হুইপকে পেটানোর জন্য মহানগর পুলিশের ডিসি হারুন অর রশীদকে রাষ্ট্রপতি পুলিশ পদক দেয়া হয়েছে। মন্ত্রীর পথ অনুসরণ করে এবার ঢাকার পুলিশ কমিশনার বেনজীর আহমেদ বলেছেন, শিবির দেখামাত্র গুলি করা হবে।”
“এ থেকে বোঝা যায়, সরকারের দলীয়করণে দেশের আইনশৃঙ্খলা বাহিনী তথা পুলিশ ও র্যার কীভাবে রাজণৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে। তারা (পুলিশ) আজ আইনের নামে বেআইনি আচরণ করছে।”
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক নেতাদের মুক্তির দাবিতে সোমবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হামলা ও ভাংচুর চালায় জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা।
মতিঝিলে পুলিশের ওপর অতর্কিতে হামলায় মতিঝিল থানার ওসি হায়াতুজ্জামানসহ অন্তত ২১ পুলিশ সদস্য আহত হন।
এ সময় পাঁচটি গাড়িতে আগুন দেয়া দুই শতাধিক গাড়ি ভাংচুর করে শিবিরকর্মীরা।
গণমাধ্যমের খবরে বলা হয়, রাজারবাগ পুলিশ হাসপাতালে আহত এক পুলিশ সদস্যকে দেখতে গিয়ে মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ শিবিরের নেতা-কর্মীদের ‘দেখামাত্র গুলি’ করতে বলেন।
ওই প্রসঙ্গ টেনে জামায়াতের প্রধান শরিক বিএনপির নেতা ফারুক জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরামের মানববন্ধনে বলেন, “গতকাল পুলিশের ওপর শিবিরের ঝটিকা আক্রমণে কিছু পুলিশ সদস্য আহত হয়েছেন। এটা দুঃখজনক। বিএনপি সহিংসতা ও গাড়ি ভাংচুরের রাজনীতিতে বিশ্বাস করে না।’’
“কিন্তু তাই বলে পুলিশের উচ্চ পদে আসীন হয়ে কমিশনার বেনজীর আহমেদ কাউকে গুলি করার নির্দেশ দিতে পারেন না। এটা তার মুখে শোভা পায় না। এটা বেআইনি।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে এই মানব বন্ধনের আয়োজন করা হয়।
ফারুক বলেন, “আজ সরকারের পায়ের নিচে মাটি নেই। সেজন্য তারা মারিয়া হয়ে বিরোধী দলের ওপর নির্যাতনের পথ বেছে নিয়েছে। আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, গ্রেপ্তার- নির্যাতন চালিয়ে চলমান আন্দোলনকে দমানো যাবে না।”
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দিয়ে তাকে নির্বাচন থেকে দূরে রাখার ‘ষড়যন্ত্র’ চলছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতা ফারুক।
নির্দলীয় সরকারের দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সংসদে আমরা যেতে চাই। রাষ্ট্রপতি যে আহ্বান জানিয়েছেন ইতিমধ্যে আমরা তা প্রত্যাখান করেছি। মহামান্য রাষ্ট্রপতিকে বলব, দয়া করে নির্দলীয় সরকার বিলের নিশ্চয়তা দিয়ে আহবান জানান, আমরা সংসদে ফিরে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেব।”
স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে এই মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, জাতীয় নাগরিক সংসদের সভানেত্রী খালেদা ইয়াসমীন, অ্যাডভোকেট আবেদ রাজা বক্তব্য দেন।
