২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কেউ আসুক, না আসুক নির্বাচন সুষ্ঠু হবে’

অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি কারো অংশগ্রহণ বা বর্জনের ওপর নির্ভর করছে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার জাবেদ আলী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 06:05 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

অবশ্য তিনি বলেন, “আমরা চাই সকলেই নির্বাচনে আসুক। সবার অংশগ্রহণ থাকলে স্বতস্ফূর্ততা ও গ্রহণযোগ্যতা বাড়বে।”

সোমবার শেরে বাংলানগরস্থ নির্বাচন কমিশনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন এ নির্বাচন কমিশনার।

রোববার আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় দলের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, “কেউ নির্বাচনে আসলো কি আসলো না, তা বড় কথা নয়।”

সোমবার এর প্রতিক্রিয়ায় বিএনপি নেতা তরিকুল ইসলাম বলেছেন, “সরকার পাতানো নির্বাচন করার ষড়যন্ত্র করছে।”

বিরোধী দলকে বাইরে রেখে জাতীয় নির্বাচনের যে কোনো চেষ্টা রুখে দেয়া হবে বলেও সরকারকে হুঁশিয়ার করে দেন তিনি।

নির্বাচন কমিশনার জাবেদ আলী জানান, কেউ আসুক বা না আসুক নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। ইসির কাছে সংবিধান ও নির্বাচনী আইন (আরপিও) রয়েছে। আইন মোতাবেক নির্বাচন হবে।

“কে এলো না এলো- এর সঙ্গে ফ্রি এ্যান্ড ফেয়ার ইলেকশনের সম্পর্ক নেই। পাঁচ ভোট, ১০ ভোট পড়ুক- তা ভালোভাবে হবে, গণণাও হতে হবে।”

রোববার জাতীয় সংসদে বছর শুরুর অধিবেশনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আলোচনার মাধ্যমে একটি স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী ইসি গঠন করা হয়েছে।

“দৃঢ়ভাবে আশাবাদী, বর্তমান নির্বাচন কমিশনের প্রাজ্ঞ নেতৃত্বে ও আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আগামীতে একটি অবাধ ও নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য সংসদীয় নির্বাচন উপহার দিতে সক্ষম হবো।”

বিরোধী দল তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের দাবিতে এখন পর্যন্ত অনড় রয়েছে। পাশাপাশি এ ইসির অধীনে নির্বাচনে না যাওয়ার কথাও বলেছেন কয়েকজন বিএনপি নেতা।

দলীয় সরকারের অধীনে এ বছরের ২৫ অক্টোবর থেকে আগামী ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচন হবে।