২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সংকট নিরসন স্পিকারের দায়িত্ব নয়’

দেশের দুই প্রধানদলের মধ্যে বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনের দায়িত্ব স্পিকারের নয় বলে মন্তব্য করেছেন মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2013, 03:13 PM

Updated : 25 Apr 2022, 06:18 PM

শনিবার বিকেলে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে একটি অনলাইন পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার এ কথা বলেন।

তিনি বলেন, “জাতীয় সংসদের ভবন এলাকা এবং সংসদ অধিবেশন চলাকালীন সময় ছাড়া স্পিকারের তেমন কোন ক্ষমতা নেই। দুই প্রধান দলের মধ্যে যে সংকট তা নিরসনে স্পিকার হিসেবে আমার কোন দায়িত্ব বা ভূমিকা নাই।”

“আমি যা বলি তা যদি সরকার বা বিরোধী দল না শুনে তাহলে আমার কি করার আছে। তবে সংকট নিরসনে কেউ আলোচনা করতে চাইলে আমি সংসদে সে সুযোগ করে দিতে পারি।”

সরকার ও বিরোধী দলের মধ্যে মধ্যস্ততা করার দায়িত্ব স্পিকারকে কেউ দেয়নি মন্তব্য করেন আবদুল হামিদ বলেন, “তাহলে আমি কেন এ দায়িত্ব নিতে যাবো।”

এর আগে একই অনুষ্ঠানে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবেদিন ফারুক সংকট নিরসনে স্পিকারকে মধ্যস্ততা করার আহ্বান জানান।

জয়নুল আবেদিন ফারুক বলেন, “দেশর মালিক কোন একটি দল নয়। সংসদ অনুপস্থিতির সংস্কৃতি থেকে আপনিই (স্পিকার) আমাদের বের করে আনতে পারেন। যদি সংকট উত্তরনের পথ বের করতে পারেন তাহলে আপনার মৃত্যুর পরেও জাতি আপনাকে মনে রাখবে। আমরা যেন সংসদে কথা বলতে পারি আপনি এ ব্যবস্থা করেন।”

জবাবে আবদুল হামিদ বলেন, “আপনি (ফরুক) একজন প্রবীণ পার্লামেন্টারিয়ান, আপনি তো জানেন স্পিকার হিসেবে আমার ক্ষমতা কতটুকু। এখন জবাব দিতে চাইলে তা কারো পক্ষে চলে যেতে পারে। বিরোধী দলের পক্ষে চলে গেলে সরকার নাখোশ হবে, আবার সরকারের পক্ষে গেলে বিরোধীদল নাখোশ হবে। সুতরাং আমি কোন পক্ষেই যেতে চাই না।”

চলমান রাজনৈতিক নীতি-আদর্শেরও সমালোচনা করেন স্পিকার।

বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি অনুরোধ করে বলবো, আপনারা আসুন। আমি এখনো আশা করি বিরোধী দল আগামী অধিবেশনে যোগ দিবেন।”

রোববার থেকে শুরু হচ্ছে নবম জাতীয় সংসদের ১৬তম অধিবেশন।