২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় মহাসমাবেশ করবে বাম দলগুলো

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ কয়েকটি দাবিতে আগামী ১৬ ফেব্রুয়ারি ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2013, 11:08 AM

Updated : 23 Aug 2022, 10:03 AM

একই দাবিতে বুধবার আধাবেলা হরতাল পালনের পর এই কর্মসূচির ঘোষণা করেছে বামপন্থী এ দল দুটি।

বেলা সাড়ে ১২টায় পল্টনে সিপিবির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এই কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে ধারাবাহিক আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসাবে আগামী ১৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি সারা দেশের সব উপজেলায় গণবিক্ষোভ এবং ৪ ফেব্রুয়ারি প্রেসক্লাবের সামনে থেকে জাতীয় সংসদ অভিমুখে মিছিল ও স্পিকারের কাছে স্মারকলিপি দেয়া হবে বলে জানান তিনি।

কৃষক ও ক্ষেতমজুর সংগঠনগুলোও এই কর্মসূচিতে থাকবে।

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার ছাড়া তাজরীণ ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক নিহতের ঘটনায় কারখানা মালিকসহ দায়ীদের গ্রেপ্তার, হল-মার্কসহ বিভিন্ন আর্থিক কেলেঙ্কারির ঘটনায় হোতাদের গ্রেপ্তার ও বিচার, যুদ্ধাপরাধের বিচার ত্বরান্বিত করা এবং জামায়াতে ইসলামীসহ সব ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধের দাবিতে এসব কর্মসূচি পালন করা হবে।

এর আগে বুধবারের হরতাল ‘সফল’ হয়েছে দাবি করে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও হরতালের তুলনায় এই হরতালে জনগণের স্বতস্ফূর্ত সমর্থন ছিল।”

“এটা যে কোনো মানুষের কাছে দৃশ্যমান যে, ঢাকা শহরে প্রতিদিন যে পরিমাণ রিকশা চলাচল করে তার অর্ধেকও আজ রাস্তায় নামেনি। শতকরা ৭৫ ভাগ সিএনজি আজ রাস্তায় ছিল না। দোকানপাট বন্ধ ছিল।”

এগুলোকে ‘হরতালের প্রতি জনগণের স্বতস্ফূর্ত সমর্থনের বহিঃপ্রকাশ’ হিসাবে চিহ্নিত করেন তিনি।

সেলিম বলেন, “রাস্তায় যে প্রচুর বাস চলেছে তার কারণ সরকার ঘোষণা দিয়েছিল যে, রাস্তায় আজ যাত্রী থাকুক আর না থাকুক বিআরটিসির ৩০০ বাস চলবে। এছাড়া বাস মালিকদের বলে দেয়া হয়েছিল যে, রাস্তায় বাস না নামালে পরবর্তীতে তাদের অসুবিধায় পড়তে হবে।”

হরতাল সমর্থকদের মিছিল ও সমাবেশে পুলিশের চড়াও হওয়ার অভিযোগ এনে সেলিম বলেন, “একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক আন্দোলনে পিকেটিং হবে এটাই স্বাভাবিক। আমাদের বৈধভাবে পিকেটিং করার অধিকার রয়েছে। কিন্তু পুলিশ আইন অগ্রাহ্য করে কোনো বাছবিচার না করে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেছে। হামলায় জলকামান ও পেপার স্প্রে দিয়ে কর্মীদের ধরাশায়ী করা হয়েছে।”

পুলিশের এই ‘দমন-পীড়নের’ প্রতিবাদে বৃহস্পতিবার বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন তিনি।

এসব ধারাবাহিক কর্মসূচির মধ্যেও যদি জ্বালানি তেলের দাম বাড়ানো হয় তাহলে তাৎক্ষণিকভাবে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সরকারকে সতর্ক করেন সিপিবি সভাপতি।

সিপিবি-বাসদের পাশাপাশি এই হরতালে অংশ নেয়া বাম সংগঠনের জোট গণতান্ত্রিক বাম মোর্চার পক্ষ থেকেও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে তারা।

ওই দিন বিক্ষোভ কর্মসূচির পর প্রেসক্লাবে সমবেত হয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে বামমোর্চার কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

বুধবার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে বামদলগুলোর আধাবেলা হরতালের শেষ দিকে হরতাল সমর্থকদের ওপর পুলিশের চড়াও হওয়ার নিন্দা জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।

সংবাদ সম্মেলনে বলা হয়, হরতাল সমর্থকদের মিছিল ও সমাবেশে ঝাঁঝালো গ্যাস (পেপার স্প্রে), জলকামান ব্যবহার ও লাঠিপেটায় সারা দেশে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ঢাকায় অন্তত চারজনের অবস্থা গুরুতর।

গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক জুনায়েদ সাকী বলেন, “এই সরকার পঞ্চমবারের মতো জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। গতবছরের সেপ্টেম্বর থেকেই আমরা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করে আসছি। দেশের ৯৯ ভাগ মানুষ আমাদের পক্ষে অবস্থান নিয়েছে।”

বুধবারের হরতাল সফল হয়েছে বলেও দাবি করেন তিনি।

সাকী বলেন, “পুলিশ বিনা উস্কানিতে হরতাল সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। পেপার স্প্রে, জলকামান ব্যবহার করে হরতাল সমর্থকদের প্রতিহত করতে চেয়েছে। তবে তারা সফল হয়নি।”

অন্যদের মধ্যে বাম মোর্চার কেন্দ্রীয় নেতা মোশরেফা মিশু, অ্যাডভোকেট আব্দুস সালাম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সিপিবির
‘জ্বালাও-পোড়াও নেই, তারপরও পুলিশি হামলা’
মিছিলে পুলিশের ঝাঁঝালো গ্যাস, রঙিন পানি
বাম দলের সমাবেশে চড়াও পুলিশ