২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনে ব্যবসায়ীদেরও চাইলেন তরিকুল

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য সরকারকে চাপ দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2013, 09:26 AM

Updated : 23 Aug 2022, 10:03 AM

মঙ্গলবার সকালে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের মানবপ্রাচীরে অংশ নিয়ে তরিকুল এ আহ্বান জানান।

তিনি বলেন,  “ব্যবসায়ী ও সুশীল সমাজের সদস্যরা প্রায়ই আমাদের হরতাল কর্মসূচির পরিবর্তে বিকল্প কিছু করার কথা বলে থাকেন। আমরা পরপর পাঁচটি বিকল্প কর্মসূচি দিয়েছি। লাখ লাখ মানুষ এতে অংশ নিয়ে সরকারের প্রতি ‘না’ বলেছেন।”

“তাই ব্যবসায়ী সমাজকে বলব,  জনগণের দাবি নির্দলীয় সরকার ব্যবস্থা পূনর্বহালে এখন আপনারা সরকারের ওপর চাপ সৃষ্টি করুন। তা না হলে আমরা যদি আগামীতে কঠিন কর্মসূচি দিই তখন আপনারা আমাদের দোষ দিতে পারবেন না।”

বেলা সাড়ে ১১টায় পুরান ঢাকার বায় সাহেব বাজারের সড়কের ফুটপাতে দাঁড়িয়ে তরিকুল বলেন, “মহাখালী থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত ১৮ কিলোমিটার সড়কে আজ মানুষের ঢল নেমেছে। ৬৪ জেলা সদরে মানবপ্রাচীর কর্মসূচিতে লাখ লাখ মানুষ অংশ নিয়েছেন বলে আমাদের কাছে খবর এসেছে।”

মানবপ্রাচীরের মাধ্যমে জনগণ সরকারের প্রতি ‘গণ অনাস্থা’ জানিয়েছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা।

দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন বিএনপি মেনে নেবে না জানিয়ে তরিকুল বলেন, “আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই- নির্দলীয় সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন আমরা হতে দেব না।”

“মানবপ্রাচীরে এই উপস্থিতি দেখে সরকারের দেয়ালের লিখন ও জনগণের ভাষা  বোঝা উচিৎ। সরকারকে জনগণ ‘না’ বলে দিয়েছে।”

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি এবং ‘গুম-হত্যা-অপহরণের’ প্রতিবাদে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা রাজধানী ঢাকাসহ দেশের মহানগর ও জেলা সদরে এই কর্মসূচি পালন করে।

মানবপ্রাচীর শেষ হওয়ার পর বেলা ১২টা ২০মিনিটে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গুলশানের বাসা থেকে পুরান ঢাকায় আদালতের উদ্দেশ্যে রওনা হন। জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট এর মামলার অভিযোগপত্রের শুনানির জন্য তিনি মহানগর বিশেষ জজ আদালতে হাজির হবেন।

মানবপ্রাচীর কর্মসূচিতে তরিকুল ইসলাম বলেন, “নির্দলীয় সরকারের দাবি মানা ছাড়া সরকারের দ্বিতীয় কোনো পথ নেই।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন,  তারা ধীরে ধীরে আন্দোলন ‘কঠিন থেকে কঠিনতর’ করবন। নির্দলীয় সরকারের দাবি সরকারকে মানতেই হবে।

এ সময় তরিকুলের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন।

রাজধানীতে মহাখালী ফ্লাইওভারের নিচ থেকে শুরু হয়ে তেজগাঁও, সাত রাস্তার মোড়, এফডিসির মোড়, মগবাজার মোড়, রমনা থানা, বেইলি রোড়, কাকরাইল মসজিদ মোড়, মৎসভবন মোড়, হাইকোর্ট সড়ক, শিক্ষাভবন চৌরাস্তা, সরকারি কর্মচারী হাসপাতাল মোড়, গুলিস্তান গোলাপ শাহ মাজার মোড়, নর্থ সাউথ রোড, বংশাল সড়ক, রায় সাহেব বাজার সড়ক, ধোলাইখাল চৌরাস্তা, আদালত সড়ক হয়ে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত এই দীর্ঘ সাড়ে চার কিলোমিটার সড়কের ফুটপাতে মানবপ্রাচীর গড়ে তোলে বিরোধীদলের নেতাকর্মীরা।

এ কর্মসূচিতে বিশৃঙ্খলা এড়াতে আদালত পাড়াসহ রাজধানীর সড়কগুলোতে বাড়তি পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়।

তরিকুল ইসলাম ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সেলিমা রহমান, শাহজাহান ওমর, ইনাম আহমেদ চৌধুরী, শামসুজ্জামান দুদু, হায়দার আলী ও যুগ্ম মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতারা রাজধানীর বিভিন্ন স্পটে মানবপ্রাচীরে অংশ নেন।

হাইকোর্ট ও শিক্ষাভবনের মাঝের সড়কের ফুটপাতে মানবপ্রাচীরে ১৮ দলীয় জোটের নেতাদের মধ্যে কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, আবদুল মালেক চৌধুরী, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির রেদোয়ান আহমেদ, শাহাদাত হোসেন সেলিম, জাগপা‘র শফিউল আলম প্রধান, খোন্দকার লুৎফর রহমান, এনপিপির শেখ শওকত হোসেন নিলু, ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপির খন্দকার গোলাম মূর্তজা, আলমগীর মুজদার, ন্যাপের জেবেল রহমান গানি, গোলাম মোস্তফা ভুঁইয়া,  লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান নেতাকর্মদের নিয়ে উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের কাউকে মানবপ্রাচীরে দেখা না গেলেও দলটির ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা মানবপ্রাচীরে অংশ নেন।

এ সময় একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার গোলাম আজম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, দেলওয়ার হোসাইন সাঈদী, এম কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লাসহ শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে তাদের ছবি সম্বলিত ব্যানার দেখা যায় জামায়াত-শিবির কর্মীদের হাতে।