গণতন্ত্র নস্যাতের চেষ্টায় বিরোধী দল: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধী দল গণতান্ত্রিক প্রক্রিয়া নস্যাত এবং যুদ্ধাপরাধের বিচার বানচালের চেষ্টা করছে।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বৃহস্পতিবার আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি একথা বলেন।
বিরোধী দলের দিকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, “তাদের প্রকৃত আন্দোলন গণতন্ত্র নস্যাৎ করা, তত্ত্বাবধায়কের নামে এক-এগারো নিয়ে আসা এবং যুদ্ধাপরাধীদের বিচারের হাত থেকে রক্ষা করা।”
“যুদ্ধাপরাধীদের রক্ষায় তারা গাড়ি থেকে নামিয়ে আগুন দিয়ে মানুষ হত্যা করছে,” বলেন তিনি।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলোপের পর তা ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
সংবিধান সংশোধনের পক্ষে যুক্তি দেখিয়ে শেখ হাসিনা বলেন, “সংবিধান সংশোধন করে আমরা মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে এনেছি।
“আমরা চাই, বাংলাদেশে যেন গণতন্ত্র অব্যাহত থাকে। কেউ যেন জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।”
“কেউ বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চাইলে তাকে শাস্তি পেতে হবে। সংবিধান সংশোধন করে আমরা তা নিশ্চিত করেছি।”
বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মৃতিচারণ করে শেখ হাসিনা বলেন, “পরাজিত শক্তি তাদের পরাজয়ের প্রতিশোধ নিতেই ১৫ অগাস্ট এবং ৩ নভেম্বরের ঘটনা ঘটায়।”
জিয়াউর রহমানের শাসনামলে সেনাবাহিনীতে মুক্তিযোদ্ধা হত্যার কথা উল্লেখ করে তিনি বলেন, “৭৫ এর পর ১৮/১৯টি ক্যু হয়েছিল। মুক্তিযোদ্ধা অফিসার ও সৈনিক হত্যা করা হয়েছিল। রাজনৈতিক নেতাদের তুলে নিয়ে নির্যাতন করা হয়েছিল।
“স্বাধীনতার বিরোধীদের রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে সরকারের মন্ত্রী ও উপদেষ্টা করা হয়।”
শেখ হাসিনা বালেন, “৭৫ এর পর বাংলাদেশ নামে মাত্র স্বাধীন ছিল। দেশকে পরবর্তী সময়ে পরাধীন করে রাখা হয়েছিল। কারো ভোটের অধিকার ছিল না। কারো কথা বলার অধিকার ছিল না।
“ইয়াহিয়ার এজেন্ডা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে ওই মিলিটারি ডিকটেটর কাজ করে যাচ্ছিল।”
বাবার স্মৃতিচারণ করে শেখ হাসিনা বলেন, “বঙ্গবন্ধু দেশে ফিরে গেছেন তার প্রিয় জনতার কাছে। আমরা তো ব্যাকুল হয়ে বসেছিলোম– কখন বাবা আসবেন। মা ছোট রেডিও নিয়ে শুনছিলেন। ছোট রাসেল ছোটাছুটি করছিল। উনি (দেশে) এলেন। এসে সরাসরি গেলেন তার প্রিয় জনতার কাছে।”
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, শেখ ফজলুল করিম সেলিম, আব্দুল লতিফ সিদ্দিকী, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম প্রমুখ।
