২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলকে রিমান্ডে পায়নি পুলিশ

প্রকাশ বিশ্বাস প্রকাশ বিশ্বাস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2013, 09:15 AM

Updated : 25 Apr 2022, 06:14 PM

অবরোধে গাড়ি ভাংচুরের দুই মামলায় পুলিশের রিমান্ড আবেদন খারিজ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে রাখতে বলেছে আদালত।

রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকার অতিরক্ত মুখ্য মহানগর হাকিম সহিদুল ইসলাম মঙ্গলবার এই আদেশ দেন। ফখরুলের জামিন আবেদনও নাকচ করেছেন তিনি।

গত ৯ ডিসেম্বর অবরোধের সময় গাড়ি ভাংচুরের দুটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হাই কোর্ট থেকে জামিন পাওয়ার পরদিন গত ২ জানুয়ারি এ দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।   

এর মধ্যে মতিঝিল থানার মামলায় ফখরুলকে ১০ দিনের এবং এবং সূত্রাপুর থানার মামলায় ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়। আদালত এ বিষয়ে ৮ জানুয়ারি শুনানির দিন রাখে।

মঙ্গলবার শুনানির ধার্য দিনে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি আবদুল্লাহ আবু এবং অতিরিক্ত পিপি শাহ আলম তালুকদার রাষ্ট্রপক্ষে শুনানি করেন।

অন্যদিকে রিমান্ড আবেদনের বিরোধিতা করে ফখরুলের জামিন চান তার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ ও সানাউল্লাহ মিয়াসহ বিএনপিপন্থী আইনজীবীরা।  

শুনানি শেষে বিচারক দুই আবেদনই খারিজ করে এই বিএনপি নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এই শুনানির জন্য বেলা ২টার দিকে আদালতে আনা হয় মির্জা ফখরুলকে। আদালত প্রাঙ্গণে নেয়া হয় কড়া নিরপাত্তা। 

গত ৯ ডিসেম্বর ১৮ দলের রাজপথ অবরোধের সময় গাড়ি ভাংচুরের ঘটনায় ঢাকায় যে ৩৮টি মামলা হয়, তার প্রায় সবকটিতে আসামি করা হয়েছে ফখরুলকে।

এর মধ্যে পল্টন ও শেরেবাংলা নগর থানার দুটি মামলায় ১০ ডিসেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ তাকে রিমান্ডে নিতে চাইলেও তা খারিজ করে ১১ ডিসেম্বর ফখরুলকে কারাগারে পাঠায় আদালত। পরদিন তাকে নেয়া হয় কাশিমপুর কারাগারে।

এ দুটি মামলায় ফখরুলের জামিন আবেদন মহানগর হাকিম আদালত ও দায়রা জজ আদালতে খারিজ হয়ে গেলে হাই কোর্টে যান এই বিএনপি নেতা। হাইকোর্ট তাকে ৬ মাসের অন্তবর্তীকালীন জামিন দিলেও পরদিন তাকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে হরতালে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর মামলায় গ্রেপ্তারের পর কাশিমপুর কারাগারে মাস খানেক ছিলেন ফখরুল। পরে তিনি জামিনে ছাড়া পান।