চট্টগ্রামের বিএনপি নেতা আবু সুফিয়ান কারামুক্ত
জামিনে ছাড়া পেলেন চট্টগ্রাম নগর বিএনপির সহ সভাপতি আবু সুফিয়ান।
জামিনে ছাড়া পেলেন চট্টগ্রাম নগর বিএনপির সহ সভাপতি আবু সুফিয়ান।
সোমবার সকালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর জেলা পরিষদ মার্কেটের সামনে তাকে সংবর্ধনা দেয় চট্টগ্রাম নগর বিএনপি।
গাড়ি ভাংচুরের মামলায় গত বুধবার হাই কোর্ট সুফিয়ানকে ছয় মাসের জন্য জামিন দেয়।
সুফিয়ানের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান এবং নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীও ছিলেন।
নোমান বলেন, “সরকার মিথ্যা মামলা দিয়ে আবু সুফিয়ানকে গ্রেপ্তার করেছিল। বিরোধী দলের আন্দোলনকে দমানোর জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল।”
আমীর খসরু বলেন, “মেয়র নির্বাচনে এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে পরাজিত করার মধ্য দিয়ে চট্টগ্রামের আন্দোলনের সূচনা হয়েছে। এই চট্টগ্রাম থেকেই সরকার পতনের আন্দোলনের সূচনা হবে।”
অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ও কারামুক্ত আবু সুফিয়ানও বক্তব্য রাখেন।
গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের পর বিএনপিকর্মীরা নগরীর কাজীর দেউড়ি এলাকায় গাড়ি ভাংচুর করে।
ওই রাতেই কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ বাদী হয়ে আবু সুফিয়ানসহ ৬৪ জনের বিরুদ্ধে মামলা করেন।
পরদিন সকালে হরতালে মিছিল থেকে আবু সুফিয়ানকে গ্রেপ্তার করে পুলিশ।
