নতুন বছরে আশা সঙ্কট উত্তরণের
নির্বাচন নিয়ে দুই প্রধান দলের মুখোমুখি অবস্থানে ২০০৭ সালের পুনরাবৃত্তির শঙ্কা অনেকে করলেও চলমান সঙ্কটের অবসান নতুন বছরে ঘটবে বলেই আশায় আছে দেশবাসী
নির্বাচন নিয়ে দুই প্রধান দলের মুখোমুখি অবস্থানে ২০০৭ সালের পুনরাবৃত্তির শঙ্কা অনেকে করলেও চলমান সঙ্কটের অবসান নতুন বছরে ঘটবে বলেই আশায় আছে দেশবাসী।
সোমবার ঘড়ির কাঁটা রাত ১২টা স্পর্শ করার সঙ্গে সঙ্গে শুরু হল খ্রিস্টীয় নতুন বছর ২০১৩।
একে বলা হচ্ছে নির্বাচনের বছর। কারণ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের মেয়াদ শেষ হবে ২০১৪ সালের ৬ জানুয়ারি, সংবিধান অনুযায়ী তার আগে তিন মাসের মধ্যে হবে জাতীয় নির্বাচন।
নির্দলীয় সরকার নিয়ে পরস্পরবিরোধী অবস্থান বিদায়ী বছরের শেষভাগে এসে রাজনৈতিক উত্তাপ ছড়ালেও শেষ দিনে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কথায় আশাবাদী হচ্ছেন অনেকে।
আশরাফ বিএনপির সঙ্গে সরাসরি আলোচনায় তার দলের অনাপত্তির কথা জানান। বিএনপিও আগে থেকে আলোচনায় তাদের অনাপত্তির কথা বলে আসছিল।
সাধারণ মানুষও চায়, দুই প্রধান দল মতৈক্যে পৌঁছবে, দূর হবে অচলাবস্থার শঙ্কা।
রাজধানীর বাড্ডা এলাকার বাসিন্দা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মাইনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই (বিদায়ী) বছর রাজনীতির নামে হানাহানি দেখেছি, মৃত্যু দেখেছি। নতুন বছর আর তা দেখতে চাই না। রাজনীতিবিদরা যেন জনগণের এই কথাটি মনে রাখেন।”
“দেশের মানুষ ২০০৭ সালে ফিরতে চায় না। এটা রাজনীতিবিদদের অনুধাবন করতে হবে,” বলেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা।
সংবিধানের পঞ্চদশ সংশোধনের পর তত্ত্বাবধায়ক সরকারের বিলুপ্তির পর তা ফিরিয়ে আনতে আন্দোলনের মাঠে আছে বিএনপি।
২০১১ সালে সংবিধানের এই সংশোধনের পর বিরোধী দল এর প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি চালিয়ে এলেও এই বছরের ৯ ডিসেম্বর রাজপথ অবরোধ কর্মসূচিতে ব্যাপক সহিংসতা দেখা যায়, যা আগের কর্মসূচিগুলোতে দেখা যায়নি।
রাজপথে দুই পক্ষেরই সশস্ত্র অবস্থানে ঢাকায় প্রাণ হারান বিশ্বজিত দাস নামে এক দরজি দোকানি, যার মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে সরকার সমর্থক সংগঠন ছাত্রলীগকে।
সংঘাতময় এই রাজনীতি নিয়ে হতাশা থাকলেও দুই প্রধান দলের সমঝোতার আশা ছাড়ছেন না তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন চলছে ক্ষমতার রাজনীতি। এ দ্বন্দ্ব অবসান না হলে ভালো কিছু দেখছি না। ২০০৭ সালের পুনরাবৃত্তি যে হবে না তাও তো বলা যায় না। তবে এমনটা কখনো আশা করি না।
“আশা করি, শেষ পর্যন্ত বোধোদয় হবে। দেশের স্বার্থে কম্প্রোমাইজে আসবে, সমাধান হবে।”
২০০৬ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতা ছাড়ার পর সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতিতে ২০০৭ সালের ১১ জানুয়ারি জারি হয় জরুরি অবস্থা, তারপর দুই বছর সেনা সমর্থনে অনির্বাচিত ব্যক্তিরা ছিল দেশ শাসনে।
ওই সময়কার রাজনৈতিক সঙ্কট কাছে থেকে দেখা সুলতানা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন পর্যন্ত পরিস্থিতি যা দেখছি, তাতে শঙ্কা থাকছে কীভাবে নির্বাচন হবে- তা নিয়ে সমঝোতা না হলে সংঘাত বেঁধে যাবে।”
জরুরি অবস্থা জারির আগে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের পদত্যাগী এই উপদেষ্টা ওই সময়ের কথা স্মরণ করে বলেন, “সমঝোতা হতেই হবে। দুই দলই নির্বাচন চায়। নির্বাচন ছাড়া কোনোভাবেই অন্য কিছু ভাবার অবকাশ নেই। নির্বাচনের যেতেই এ পরিস্থিতির সমাধান হবে, এটাই প্রত্যাশা।”
সোমবার সৈয়দ আশরাফের কণ্ঠেও ছিল একই সুর- “যত তাড়াতাড়ি সম্ভব আলোচনা যেন শুরু হয়। যত তাড়াতাড়ি এর সুরাহা হয়, গণতন্ত্র ও জাতির জন্য তা তত মঙ্গলজনক।”
সাবেক প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজনীতিবিদরা মানুষের ভাষা বোঝেন। যেহেতু তারা জনগণের ভালোর জন্যে কাজ করেন, সেহেতু স্বতস্ফূর্ত সমাধান আসতে হবে। সমঝোতার মাধ্যমে এ সমাধান হবে।”
“আগাম শঙ্কা নয়, বরং ভালোর সম্ভাবনা নিয়ে ভাবতে হবে সবাইকে,” বলেন তিনি।
