এক দেশে দুই আইন চলছে: বিএনপি
সরকার প্রধান বিরোধী দলের কর্মসূচিতে বাধা দিলেও সিপিবি ও বাসদের হরতালে সহযোগিতা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন।
সরকার ‘মিথ্যা মামলায়’ নেতাকর্মীদের আটকে প্রধান বিরোধী দলের কর্মসূচিতে বাধা দিলেও সিপিবি ও বাসদের হরতালে সহযোগিতা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
বুধবার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, “এক দেশে দুই আইন চলছে। বাম দল মঙ্গলবার হরতাল ডেকেছে, আর সরকার সেই কর্মসূচি পালন করেছে। হরতালে প্রচারণায় পুলিশ বাধা দেয়নি। পিকেটারদের গ্রেপ্তার করেনি। বরং পুলিশ সড়ক বন্ধ করে হরতাল কার্যকর করেছে।
“অন্যদিক বিরোধী দল যখন হরতাল ডাকে, প্রচার চালাতে গেলে পুলিশ বাধা দেয়। পিকেটিং করতে গেলে মিথ্যা মামলা দিয়ে নেতা-কর্মীদের গ্রেপ্তার করে। দলীয় কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে।”
গণতন্ত্রের বদলে দেশে ‘বাকশালতন্ত্র’ চলছে বলেও মন্তব্য করেন মোশাররফ।
স্বরাষ্ট্র মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর মঙ্গলবারের হরতালকে ‘সাধুবাদ’ জানিয়েছেন মন্তব্য করে খন্দকার মোশাররফ বলেন, “প্রধানমন্ত্রী ও সরকারের মন্ত্রীরা বলেছিলেন, বিজয়ের মাসে যারা হরতাল করে তারা দেশের শত্রু। আবার মঙ্গলবারের হরতালে স্বরাষ্ট্র মন্ত্রী অভিনন্দন জানান। এ সরকার দ্বৈতনীতি অনুনরণ করছে।”
জামায়াতে ইসলামীসহ সব ধর্মভিত্তিক দল নিষিদ্ধ করার দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মঙ্গলবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল পালন করে।
হরতাল শান্তিপূর্ণ হওয়ায় বাম দলগুলোকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে গত সপ্তাহে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রোববার সারা দেশে অবরোধ, ওই কর্মসূচিতে বাধা দেযার অভিযোগে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে আধাবেলা হরতাল করে তারা।
মির্জা ফখরুলসহ দলের কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতেই বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস।
এতে অংশ নিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, “দেশের গণতন্ত্র আজ পুলিশের বুটের তলায় পিষ্ট। গণতন্ত্র প্রতিনিয়ত ছাত্রলীগের চাপাতির আঘাতে ক্ষত-বিক্ষত হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের কারাগারে বন্দি করে রাখা হচ্ছে।”
যতো মামলাই দেয়া হোক, বিরোধী দলের আন্দোলন দমানো যাবে না বলে সরকারকে হুঁশিয়ার করে দেন এই বিএনপি নেতা।
তিনি বলেন, সরকার গণবিচ্ছিন্ন হয়ে গেছে। তারা জনগণের কোনো সমস্যার সমাধান দিতে পারেনি। বরং ‘হাজার হাজার কোটি টাকা লুট করে’ ক্ষমতাসীনরা বিদেশে পাচার করেছে।
এ অবস্থার থেকে পরিত্রাণ পেতে সরকার হটানোর আন্দোলনে জনগনকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান মোশাররফ।
অন্যদের মধ্যে বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, জাসাসের সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক মনির খান, উপদেষ্টা আবু সালেহ, আবদুল হাই শিকদার, সহসভাপতি বাবুল আহমেদ মানববন্ধনে বক্তব্য দেন।
