২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাদের মোল্লার স্ত্রীসহ আটক ২১ নারীকর্মী

ইসলামী ছাত্রশিবিরের ছাত্রী শাখা ইসলামী ছাত্রী সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার স্ত্রীসহ ২০ জনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2012, 01:22 PM

Updated : 25 Apr 2022, 10:01 PM

রাজধানীর মগবাজারে বহুতল ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার স্ত্রীসহ ২১ নারীকে আটক করেছে পুলিশ।

ওই ফ্ল্যাট কাদের মোল্লার পরিবার থাকলেও সেখানেও ইসলামী ছাত্রশিবিরের ছাত্রী শাখা ইসলামী ছাত্রী সংস্থার নেতা-কর্মীরা গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করছিল বলে দাবি করেছে পুলিশ।

সোমবার বিকালে গ্রীনভ্যালি অ্যাপার্টমেন্টের ওই ফ্ল্যাটে আধা ঘণ্টা ধরে তল্লাশি চালায় পুলিশ, এরপর ২১ জনকে আটক করে রমনা থানায় নিয়ে যাওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার শিবলী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রী সংস্থার উপদেষ্টা কাদের মোল্লার স্ত্রী সানোয়ারা জাহান (৬০)সহ ছাত্রী সংস্থার ২১ সদস্যকে আটক করা হয়েছে।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াত নেতাদের মধ্যে অন্যতম কাদের মোল্লা, যিনি দলটির সহকারী সেক্রেটারি জেনারেল।

অভিযান শেষে রমনা জোনের উপ-কমিশনার সৈয়দ নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, তৃতীয় তলার ওই ফ্ল্যাটে ইসলামী ছাত্রী সংস্থার বৈঠক চলছিল।

রমনা থানার ওসি শাহ আলম বলেন, “আটককৃতরা গোপন বৈঠক করছিল। যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য নাশকতার পরিকল্পনা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।”

গ্রেপ্তার ২১ জনের বিরুদ্ধে রাত ১০টা পর্যন্ত মামলা হয়নি।

পুলিশ কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, তাদের জিজ্ঞাসাবাদের পর এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

আটক অন্য ২০ জনের মধ্যে একজন ছাড়া অন্য সবার বাসা ঢাকার বিভিন্ন স্থানে। তাদের বয়স ১৯ থেকে ২৬ বছরের মধ্যে।