২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

২২ ডিসেম্বর সারা দেশে ১৪ দলের গণমিছিল

যুদ্ধাপরাধীদের ‘রক্ষায়’ বিএনপি-জামায়াতে ইসলামীর ‘সন্ত্রাসের’ প্রতিবাদে ২২ ডিসেম্বর ঢাকাসহ সারা দেশে গণমিছিল করবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2012, 03:21 PM

Updated : 24 Aug 2022, 12:38 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের ‘রক্ষায়’ বিএনপি-জামায়াতে ইসলামীর ‘সন্ত্রাসের’ প্রতিবাদে ২২ ডিসেম্বর ঢাকাসহ সারা দেশে গণমিছিল করবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকে রাজপথ অবরোধের পর রোববার সন্ধ্যায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদের সভাপতিত্বে এই বৈঠকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ ও মোহাম্মদ নাসিম উপস্থিত ছিলেন। মৃণাল কান্তি দাস বলেন, “বিজয়ের মাসে যুদ্ধাপরাধীদের রক্ষায় বিএনপি ও জামায়াত-শিবিরের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে আগামী ২২ ডিসেম্বর শনিবার ঢাকাসহ সব জেলা ও উপজেলা পর্যায়ে গণমিছিলের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।” ১৪ দলের পক্ষ থেকে গণমিছিল সফল করতে মুক্তিযুদ্ধের পক্ষের সব রাজনৈতিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএএইচ/এমআই/২১১৫ ঘ.