২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বিচারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আশরাফের

যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাস্তবায়নে মুক্তিযুদ্ধের সময়ের মতোই সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2012, 05:04 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাস্তবায়নে মুক্তিযুদ্ধের সময়ের মতোই সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। শনিবার সন্ধ্যায় নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। আশরাফ বলেন, “যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাস্তবায়ন আওয়ামী লীগের একার নয়। মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তি একাত্তরে যেমন ঐক্যবদ্ধ ছিলাম, তেমনি এখনো আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।” যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে ষড়যন্ত্র হচ্ছে দাবি করে আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ার পর বিএনপি অবরোধের ডাক দিয়েছে। “বিএনপি ৪০ বছর ধরে যুদ্ধাপরাধীদের লালন-পালন করেছে। বঙ্গবন্ধু হত্যাকারীদের পুরস্কৃত করেও তাদের রক্ষা করতে পারেনি বিএনপি। তেমনি যুদ্ধাপরাধীদেরও রক্ষা করতে পারবে না তারা।” যুদ্ধাপরাধীদের বিচারে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ উলেখ করে তিনি বলেন, বিচার মাত্র শুরু হয়েছে। যুদ্ধাপরাধীরা যে প্রান্তে থাকুক না কেন তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। “যুদ্ধাপরাধীরা সংসদ সদস্য ছিল। তারা ভাবতেও পারে নি তাদের বিচার হবে। কিছু কিছু পশ্চিমা দেশ, আন্তর্জাতিক মৌলবাদী গোষ্ঠী ও বিএনপি যুদ্ধাপরাধীদের পাশে আছে বলে তারা দম্ভ করে বলত তাদের কেউ বিচার করতে পারবে না।” নগর আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্যাপন পরিষদের চেয়ারম্যান এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের মহাসচিব এমদাদুল হক মতিন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবদুল মতিন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম প্রমুখ। এর আগে বিকালে এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন মাঠে বিজয় শিখা প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবিএম মহিউদ্দিন চৌধুরী। এবারের বিজয়মেলায় প্রতিদিন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন পণ্যের পসরা এবং নগরীর লালদীঘির মাঠে বিজয়ের বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমসি/এইচএএইচ/এইচএ/২২৫৬ ঘ.