২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আবুল হোসেনকে বাঁচাতে চায় দুদক’

এজন্য বিশ্ব ব্যাংকের পর্যবেক্ষক দল ‘অসন্তুষ্ট’ হয়ে ফিরে গেছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2012, 01:41 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুতে ‘দুর্নীতিতে’ জড়িত হিসেবে সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের নাম এলেও তাকে ‘বাঁচাতে’ দুর্নীতি দমন কমিশন চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পদ্মা প্রকল্পে দুদকের অনুসন্ধান পর্যবেক্ষণে বিশ্ব ব্যাংকের প্যানেলের ফিরে যাওয়ার পরদিন এই অভিযোগ তুললেন বিএনপির মুখপাত্র। দুদকের সঙ্গে মতভেদ নিয়েই বিশ্ব ব্যাংকের পর্যবেক্ষক দল ফিরে গেছে। বৃহস্পতিবার এক আলোচনা সভায় ফখরুল বলেন, “দুর্নীতি দমন কমিশন আজ সৈয়দ আবুল হোসেনকে পদ্মা সেতুর দুর্নীতির তালিকা থেকে বাদ দিতে চায়। আর এজন্য বিশ্ব ব্যাংকের পর্যবেক্ষক দল অসন্তুষ্ট হয়ে ফিরে গেছে।” পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ ওঠার পর বিশ্ব ব্যাংকের শর্ত মেনে পদত্যাগ করতে হয় আবুল হোসেনকে। এর পাশাপাশি আরো কয়েকটি শর্ত মানলে বিশ্ব ব্যাংক প্রকল্পে ঋণ বাতিলের সিদ্ধান্ত বাতিল করে এবং দুদকের তদন্ত পর্যবেক্ষণে প্যানেল গঠন করে। দুদকের অনুসন্ধান কমিটি মঙ্গলবার তাদের প্রতিবেদন জমা দিয়েছে, এতে কয়েকজনের নাম থাকার কথা স্বীকার করলেও কারো নাম প্রকাশ করেনি দুদক। আবুল হোসেনের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যেরও সমালোচনা করেন বিএনপি নেতা। “প্রধানমন্ত্রী বলেছিলেন, তার যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন একজন সৎ-দেশপ্রেমিক। আজ দুদকের অনুসন্ধান কমিটির জমা দেয়া প্রতিবেদনে প্রমাণ হয়ে গেছে, তিনি (আবুল হোসেন) চোরের রাজা।” “এতদিন প্রধানমন্ত্রীসহ সরকারের মন্ত্রীরা বলে এসেছিলেন, পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয়নি, কোনো চুরি করেনি। কিন্তু অনুসন্ধান কমিটির প্রতিবেদনে স্পষ্ট হয়েছে, সেখানে দুর্নীতি হয়েছে।” নয়া পল্টনে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে ‘স্বৈরশাসক এইচ এম এরশাদের পতন ও গণতন্ত্র মুক্তি’ দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফখরুল। সভায় ফকিরেরপুল থেকে কাকরাইল পর্যন্ত সড়কে ব্যাপক নেতা-কর্মী সমবেত হন। বক্তব্যের শুরুতে এরশাদবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “৭৪ সালে একদলীয় শাসনক কায়েম করে আওয়ামী লীগ স্বৈরাচারে পরিণত হয়েছিল। আজ তারা স্বৈরাচার এরশাদের সঙ্গে এক হয়ে জনগণের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছে।” বিরোধী দলের ওপর সরকারের দমন-পীড়ণের প্রতিবাদ জানিয়ে ফখরুল বলেন, “মিথ্যা মামলা দিয়ে, প্রহসনের বিচার করে সরকার জনগণের দৃষ্টি অন্যত্র ফেরাতে চায়। এতে কোনো লাভ হবে না। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বন্ধ করা যাবে না।” দলের ঢাকা মহানগর সদস্য সচিব আবদুস সালামের সভাপতিত্বে সভায় ফখরুল ছাড়াও বক্তব্য রাখেন রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, নাজিম উদ্দিন আলম, খায়রুল কবীর খোকন, জাফরুল হাসান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিরিন সুলতানা প্রমুখ। ১৮ দলীয় জোট নেতাদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য হামিদুর রহমান আযাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৯৩৬ ঘ.