কুমিল্লা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে পুলিশের উপর হামলার ঘটনায় কুমিল্লায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নেতাকর্মীর বিরুদ্ধে দু’টি মামলা হয়েছে।
মঙ্গলবার রাতে মনোহরগঞ্জ থানায় মামলা দু’টি দায়ের করেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হানিফ মিয়া।
মামলায় ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো পাঁচশ’ জনকে আসামি করা হয়েছে।
এদিকে এ ঘটনায় মঙ্গলবার রাতেই পুলিশ চার শিবির সমর্থককে গ্রেপ্তার করেছে।
বুধবার আদালতে হাজির করলে তাদের জেল হাজাতে পাঠানো হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার সারাদেশে হরতাল চলাকালে কুমিল্লার মনোহরগঞ্জে পুলিশের উপর হামলা হয়। এ সময় জামায়াত শিবিরকর্মীরা ট্রাক, বাস, সিএনজিসহ ১০টি গাড়ি ভাংচুরও করে।
মনোহরগঞ্জ থানার ওসি জহিরুল আনোয়ার বলেন, রাতেই মনোহরগঞ্জ থানা পুলিশ ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার বিভিন্ন স্থান থেকে চার শিবির সমর্থককে গ্রেপ্তার করেছে।
এরা হলেন সিরাজুম মনির (২২), কাউছার হামিদ (২০), ওমর ফারুক সুমন (২১) ও মাইন উদ্দিন মিয়া (১৮)।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, হরতাল চলাকালে উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক ইকরামুজ্জামান, কনস্টেবল ইকবাল, শামীম, মোখলেছ, জহিরুল, পথচারী শাহাদাত, শাহ আলম মেম্বারসহ ২০ জন আহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭২৭ ঘ.
bdnews24