২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্পষ্ট হয়েছে, বিএনপি যুদ্ধাপরাধীদের পক্ষে’

যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে বিএনপি ও জামায়াতে ইসলামী চেষ্টা চালাচ্ছে- বললেন শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2012, 04:03 PM

Updated : 24 Aug 2022, 12:35 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর হরতালে সমর্থন দিয়ে বিএনপি যুদ্ধাপরাধীদের পক্ষে নিজেদের অবস্থানের প্রকাশ ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ১৪ দলের বৈঠকে তিনি বলেন, “এই হরতালে নৈতিক সমর্থন দেয়ার মাধ্যমে বিএনপি নেত্রী প্রমাণ করলেন, তিনি নৈতিকভাবে যুদ্ধাপরাধীদের বিচার চান না।” যুদ্ধাপরাধের অভিযোগে আটক শীর্ষনেতাদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার সারাদেশে হরতাল ডাকে জামায়াত। জোট শরিকের এই কর্মসূচিতে বিএনপির ‘নৈতিক’ সমর্থন ছিল। আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “মুক্তিযুদ্ধ চলাকালে ৩ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেয়া হয়। ওই দিনই যুদ্ধাপরাধীদের মুক্তির দাবিতে জামায়াত সমাবেশ করবে, আবদারটা কত বড়? “সমাবেশ করতে না পেরে হরতাল ডাকল। আর এই হরতালে নৈতিক সমর্থন দিল বিএনপি।” “তাদের (আটক যুদ্ধাপরাধী) মুক্ত করতেই সমর্থন দেয় বিএনপি। এর চেয়ে দুর্ভাগ্যের আর কী আছে,” যোগ করেন প্রধানমন্ত্রী। বিএনপি এবং জামায়াত যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে চায় দাবি করে তিনি বলেন, “গতকালই (সোমবার) তা স্পষ্ট হয়ে গেছে। বিএনপি জামায়াতের দোসর।” যত ‘ষড়যন্ত্রই’ হোক যুদ্ধাপরাধের বিচার হবেই বলে আবারও নিজের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন শেখ হাসিনা। “বোমা মেরে, হরতাল করে, মানুষ হত্যা করে এই বিচার ঠেকানো যাবে না। জনগণ এই বিচার চায়, ওদের সঙ্গে জনগণ নেই।” যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে যে রায়ই হোক, তা কার্যকর করা হবে বলে প্রধানমন্ত্রী জানান। জামায়াতের কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, “মানুষ হত্যাই তাদের চরিত্র।” হরতালে গাড়ি ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “অনেক জায়গায় তারা তা পারেনি। সাধারণ মানুষ নেমে এসেছিল, প্রতিরোধ গড়ে তুলেছিল।” যুদ্ধাপরাধীদের রাজনৈতিকভাবে পুনর্বাসিত করার জন্য বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে দায়ী করেন আওয়ামী লীগ সভানেত্রী। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সামরিক অধ্যাদেশ জারি করে জিয়াউর রহমান অভিযুক্তদের ছেড়ে দেয়। “শাহ আজিজুর রহমান মুক্তিযুদ্ধের বিরোধিতা করতে জাতিসংঘে গিয়েছিল। জিয়াউর রহমান তাকে প্রধানমন্ত্রী বানিয়েছিল।” একাত্তরের যুদ্ধাপরাধের বিচার পুরোপুরি স্বচ্ছতার সঙ্গে হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালকে ‘লিবারেল’ হিসাবে আখ্যায়িত করেন। “অনেক দেশের ট্রাইব্যুনালে আপিল করার সুযোগ নেই। আমাদের ট্রাইব্যুনালে আপিল করার সুযোগ রাখা হয়েছে।” গণভবনে ১৪ দলের বৈঠকের সভাপতি শেখ হাসিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, “৩৫ বছরে পানি অনেকদূর গড়িয়েছে। সে বাস্তবতা মেনেই সংবিধান সংশোধন করা হয়েছে।” “আমরা আর্থ সামাজিক উন্নয়ন করে যাচ্ছি। এত অল্প সময়ে সব কাজ সম্ভব নয়। তবুও আমরা কাজ করে যাচ্ছি,” বলেন সরকার প্রধান। বৈঠকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাস্তবায়নে সবাইকে সম্পৃক্ত করার আহবান জানিয়ে বলেন, “এই বিচার বানচাল করতে জামায়াতের পাশাপাশি বিএনপি জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র করে যাচ্ছে।” আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং হরতালের সময়ে যানবাহনে হামলার কথা তুলে ধরে তিনি বলেন, “তারা মানুষের আস্থার ওপর আঘাত হানার চেষ্টা করছে।” জাসদ সভাপতি হাসানুল হক ইনু কঠোর রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার তাগিদ দিয়ে বলেন, “যুদ্ধাপরাধীদের সঙ্গে সহাবস্থানের কোনো উপায় নেই। জামায়াতের লাঠি খালেদা জিয়া। এই লাঠির ওপর আঘাত হানব না- তা হবে না।” চলতি বছর ১৪ দলের এটি তৃতীয় বৈঠক। এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি এবং ৩১ মে শেখ হাসিনার সভাপতিত্বে ১৪ দলের বৈঠক হয়। এই বিষয়টি উল্লেখ করে ন্যাপের সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, “সরকারের সফলতা অনেক। তবে, মাঠের খোঁজ-খবর রাখতে হবে। মাঠের নেতাদের সংঘবদ্ধ করতে হবে।” গণআজাদী লীগের সভাপতি হাজী আব্দুস সামাদ যুদ্ধাপরাধীদের পক্ষাপবলম্বনকারীদের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার তাগিদ দেন। সরকারের সফলতা ম্লান করার অপচেষ্টা চলছে মন্তব্য করে গণতন্ত্রী পার্টির নুরুর রহমান সেলিম বলেন, “প্রশাসনের মধ্যে যারা আছে। তারা নানা রকম কলা-কৌশল করছে।” স্বাধীনতাবিরোধী চক্র নাশকতা চালাতে আত্মঘাতী বাহিনী তৈরি করছে বলে নিজের আশঙ্কার কথা জানান কমিউনিস্ট কেন্দ্রের অসীত বরণ রায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও গণতান্ত্রিক মজদুর পার্টির জাকির হোসেনও সভায় বক্তব্য রাখেন। ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমদ ও সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ ও মতিয়া চৌধুরী, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, ন্যাপের ইসমাইল হোসেন, জাসদের শরীফ নুরুল আম্বিয়াও বৈঠকে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২২০০ ঘ.