২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের সংঘাত পাহাড়ে, দুজন নিহত

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি সীমান্তবর্তী চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগরে গোলাগুলিতে নিহতরা জনসংহতি সমিতির সদস্য বলে সংগঠনটি দাবি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2012, 10:22 AM

Updated : 24 Aug 2022, 12:35 PM

খাগড়াছড়ি/চট্টগ্রাম, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড়ে জনসংহতি সমিতি ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। পার্বত্য শান্তিচুক্তির পঞ্চদশ বার্ষিকীর দুদিন পর লক্ষ্মীছড়ি উপজেলা সীমান্তবর্তী চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগরে মঙ্গলবারের এই গোলাগুলিতে নিহতরা জনসংহতি সমিতির সদস্য বলে সংগঠনটি দাবি করেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়িদের দুই সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে এই সংঘর্ষ হয় বলে স্থানীয়রা জানিয়েছে। নিহতরা হলেন- খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বটতলী এলাকার জিয়েন্দ্র চাকমার ছেলে কৃপাসূর চাকমা সৈকত (২৫) এবং উত্তর সুুকনাছড়ি এলাকার লনীনী কুমার চাকমার ছেলে দেবদত্ত চাকমা (২৮)। ফটিকছড়ি থানার ওসি এম এ সবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাঞ্চননগর গ্রামের মানিকপুরের অদূরে বাইন্যাছড়া আর্মি ক্যাম্পের কাছের একটি এলাকায় দুই পক্ষের বন্দুকযুদ্ধে ওই দুই পাহাড়ি যুবক মারা যায়। সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আরমিন রাব্বী গোলাগুলির খবর নিশ্চিত করেন। জনসংহতি সমিতির লক্ষ্মীছড়ি উপজেলা সদস্য সচিব ধীমান চাকমা জানান, সৈকত ও দেবদত্ত সাংগঠনিক কাজে মানিকপুর সরকারি ডোবা এলাকায় গিয়েছিলেন। পরিকল্পিতভাবে ইউপিডিএফ তাদের হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ১৯৯৭ সালে সরকারের সঙ্গে শান্তিচুক্তি সই করে জনসংহতি সমিতি সশস্ত্র সংগ্রামের পথ ছাড়লে তার বিরোধিতা করে গড়ে ওঠে ইউপিডিএফ। এরপর দুই সংগঠনের সংঘাতে পাহাড়ে অনেক রক্তক্ষয় হয়েছে। সংঘাতের জন্য দুই পক্ষই পরস্পরকে দায়ী করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমএইচপি/এমআই/১৬৩০ ঘ.