২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে জামায়াতের ২১ নেতাকর্মী আটক

নাশকতা সৃষ্টির আশঙ্কায় জামায়াতে ইসলামীর মিছিলের সময় রাজধানীতে দলের ২১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2012, 11:51 AM

Updated : 24 Aug 2022, 12:35 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাশকতা সৃষ্টির আশঙ্কায় জামায়াতে ইসলামীর মিছিলের সময় রাজধানীতে দলের ২১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে পল্টন থানা ও মতিঝিল এলাকায় মিছিলের চেষ্টা চালানোর সময় তাদের আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার মেহেদেী হাসান বলেন, বিকাল ৪টার দিকে জোনাকি সিনেমা হলের বিপরীত দিকের একটি গলিতে জামায়াতের একটি মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। মিছিলকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে জামায়াতের এক কর্মীকে আটক করা হয়। এর আগে পল্টন থানার বিভিন্ন এলাকায় মিছিল বের করার চেষ্টার সময় সেখান থেকে জামায়াতের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় বলে মেহেদী হাসান জানান। তিনি বলেন, জামায়াতের নেতাকর্মীরা মিছিলের নামে নাশকতা করে এবং পুলিশের উপর হামলা চালায়। নাশকতা এড়াতে জামায়াত নেতাকর্মীদের আটক করা হয়েছে। নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে বায়তুল মোকাররমের উত্তর গেটে সোমবার বিকাল তিনটায় জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ছিল। তবে পুলিশ সমাবেশ করতে অনুমতি না দেয়ায় শেষ পর্যন্ত তারা শুধু মিছিল করার সিদ্ধান্ত নেয়। যুদ্ধাপরাধের মামলায় আটক শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে নভেম্বর মাসের শুরু থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা ও ভাঙচুর চালিয়ে আসছে জামায়াত ও শিবির কর্মীরা। এসব ঘটনায় এ পর্যন্ত দেড়শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএএইচ/এইচএ/১৭৪৩ ঘ.